দীর্ঘদিন ধরে বড়পর্দা থেকে দূরে রয়েছেন বলিউড অভিনেত্রী Katrina Kaif। ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর থেকে তিনি খুবই সীমিতভাবে কাজ করছেন। সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ সিনেমার পর তাঁকে নতুন কোনো প্রজেক্টে দেখা যায়নি।
বর্তমানে পরিবার ও সন্তানের দায়িত্বেই বেশি সময় দিচ্ছেন এই অভিনেত্রী। মুম্বাইয়ের জুহুর বাসভবনে স্বামী ও সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন তিনি। একই সঙ্গে শোনা যাচ্ছে, তিনি ধীরে ধীরে আবার কাজের দিকে মনোযোগ দিচ্ছেন।
বলিপাড়ার সূত্র অনুযায়ী, ক্যাটরিনা এখন একাধিক চিত্রনাট্য পড়ছেন এবং খুব সতর্কভাবে নিজের পরবর্তী প্রজেক্ট বেছে নিতে চাইছেন। উপযুক্ত গল্প ও শক্তিশালী চরিত্র পেলে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে শুটিংয়ে ফিরতে পারেন তিনি।
আরও জানা গেছে, বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম নিয়েও আগ্রহ দেখাচ্ছেন ক্যাটরিনা। অনেক তারকার মতো তিনিও ডিজিটাল মাধ্যমে নতুনভাবে কামব্যাকের সম্ভাবনা বিবেচনা করছেন।
ব্যক্তিগত জীবন তিনি সবসময়ই আড়ালে রাখতে পছন্দ করেন। গত বছর মা-বাবা হওয়ার পর থেকে তাঁর সময়ের বড় অংশই পরিবারকেন্দ্রিক। সব মিলিয়ে আপাতত মাতৃত্বই তাঁর অগ্রাধিকার হলেও, ভবিষ্যতে সঠিক প্রজেক্ট পেলে আবারও ক্যামেরার সামনে ফিরতে পারেন এই তারকা।