ইরানে মার্কিন সামরিক হামলার একটি ভিডিওতে নিজের বিখ্যাত গান ‘ফায়ারওয়ার্ক’ ব্যবহার করায় হোয়াইট হাউসের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় মার্কিন পপ তারকা কেটি পেরি। গানটি ব্যবহারে তাঁর কোনো অনুমতি নেওয়া হয়নি এবং এমন সহিংস কর্মকাণ্ডে তাঁর সৃষ্টিকে ব্যবহারের তিনি কঠোর বিরোধী বলে জানান। 

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হোয়াইট হাউসের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টে ইরানে চালানো সামরিক হামলার কিছু দৃশ্য নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়, যার ক্যাপশনে লেখা ছিল ‘ইরানকে সতর্ক করা হয়েছে।’ ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বাজে কেটি পেরির ২০১০ সালের হিট গান ‘ফায়ারওয়ার্ক’, যেখানে গানের ‘বুম, বুম, বুম’ অংশের সঙ্গে বিস্ফোরণের দৃশ্যগুলো মেলানো হয়েছিল।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করে কেটি পেরি লিখেন, "আমার গানটি মানুষের কঠিন সময়ে আশা ও মানসিক শক্তির প্রতীক হিসেবে সৃষ্টি করা হয়েছিল। সেই ভালোবাসার গানকে ধ্বংস ও যুদ্ধের রূপ দেওয়ার মাধ্যমে গানের মূল চেতনাকে চরমভাবে অপমান করা হয়েছে।"

কেটি পেরির এই প্রতিবাদ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে অনেক নেটিজেন মনে করিয়ে দিয়েছেন যে, শিল্পী তাঁর গানের সুরের একটি অংশের স্বত্ব আগেই একটি মিউজিক কোম্পানির কাছে বিক্রি করেছিলেন এবং টিকটকের সঙ্গে তাদের বিদ্যমান চুক্তির আওতায় এই ব্যবহার হয়ে থাকতে পারে। অন্যদিকে ঘটনাটি নিয়ে গানটির আইনি ও নৈতিক দিক পর্যালোচনা করারও পরামর্শ দিয়েছেন ভক্তরা।