অনুমতি ছাড়াই সামরিক হামলার ভিডিওতে নিজের জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্ক’ ব্যবহার করায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। হোয়াইট হাউসের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে ইরানে সামরিক হামলার ফুটেজের সঙ্গে গানটি ব্যবহার করা হয়।
এর প্রতিক্রিয়ায় এক্সে (সাবেক টুইটার) কেটি পেরি লেখেন, ‘আমি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। এ ব্যবহারের জন্য আমাকে জিজ্ঞাসাও করা হয়নি, আমি এর অনুমতিও দিইনি।’ তাঁর ভাষ্য, আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার বার্তা বহনকারী ‘ফায়ারওয়ার্ক’ গানকে যুদ্ধ ও সহিংসতার আবহসংগীত হিসেবে ব্যবহার করা গানের মূল ভাবনার সম্পূর্ণ বিপরীত।
২০১০ সালে প্রকাশিত ‘টিনএজ ড্রিম’ অ্যালবামের ‘ফায়ারওয়ার্ক’ কেটি পেরির অন্যতম জনপ্রিয় গান এবং বিলবোর্ড হট ১০০ এর শীর্ষে ওঠা তাঁর নয়টি গানের একটি। ২০২৩ সালে তিনি নিজের পাঁচটি অ্যালবামের মাস্টার রেকর্ডিং ও প্রকাশনা স্বত্ব ‘লিটমাস মিউজিক’ এর কাছে বিক্রি করেন, যার মূল্য ছিল প্রায় ২২৫ মিলিয়ন ডলার।
রাজনৈতিকভাবে ডেমোক্রেটিক শিবিরের সমর্থক হিসেবে পরিচিত কেটি পেরি অতীতে কমলা হ্যারিস, জো বাইডেন ও হিলারি ক্লিনটনকে সমর্থন করেছেন। তাঁর আগে ব্রুস স্প্রিংস্টিন, নিল ইয়ং, অ্যাডেল, রিহানাসহ অনেক শিল্পীও ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারে অনুমতি ছাড়া তাঁদের গান ব্যবহারের প্রতিবাদ জানিয়েছেন।