নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির আলোচিত সিনেমা ‘বহুরূপী’র প্রায় দুই বছর পর আবারও জনপ্রিয় ‘ঝিমলি’ চরিত্রে দর্শকের সামনে ফিরছেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। এবার তাঁকে দেখা যাবে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায়। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।

মুক্তির আগেই অভিনব প্রচারণায় সিনেমাটি নিয়ে নেটদুনিয়ায় তৈরি হয়েছে কৌতূহল। প্রচারণার অংশ হিসেবে এবার পুরোপুরি মেছুনির অবতারে হাজির হয়েছেন কৌশানী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি মজার ভিডিও ঘিরেই শুরু হয়েছে আলোচনা।

ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ছ্যাঁচড়াপুর ১ নম্বর প্ল্যাটফর্মের ঝিমলি যখন মাছওয়ালি।’ সেখানে কৌশানীকে দেখা যায় মাথার চুল শক্ত করে খোঁপা করা, সাধারণ শাড়ি পরা এবং শ্যামলা মেকআপে একেবারে ডি-গ্ল্যাম লুকে। হাতে বড় বড় মাছ তুলে নিয়ে মাছবাজারের মেছুনির মতো সুর মিলিয়ে ক্রেতাদের ডাকতেও দেখা যায় তাঁকে।

শুধু মাছ বিক্রির অভিনয় নয়, মাছ কাটার অভিজ্ঞতাও নিতে হয়েছে অভিনেত্রীকে। বটির কাছে বড় মাছ নিয়ে কাটতে গিয়ে বেশ হিমশিম খেতে দেখা যায় তাঁকে। একপর্যায়ে মজার ছলে কৌশানীকে বলতে শোনা যায়, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি! দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’

ভিডিওতে অ্যাকশন শব্দ কানে আসতেই বাজারের হকারদের মতো গলা ফাটিয়ে মাছ বিক্রির হাঁক দিতেও দেখা যায় কৌশানীকে। হাতে বড় মাছ তুলে তাঁর ডাক, ‘দুশো দুশো, সিলভার দুশো! বড় মাছ, টাটকা মাছ! বাড়িতে সবাই খুশি হবে, নিয়ে যান, নিয়ে যান।’

আবার শুটিং দ্রুত শেষ করার অনুরোধ জানাতেও নিজের মতো করে রসিকতা করেছেন অভিনেত্রী। মজার সুরে তাঁকে বলতে শোনা যায়, ‘এরকম করছি, এর মধ্যেই কিনে নিন, পায়ে পড়ছি।’

কৌশানীর এমন অভিনব প্রচারণা ঘিরে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। ‘বহুরূপী’র পর ‘ঝিমলি’ চরিত্রে তাঁর প্রত্যাবর্তন এবং ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে দর্শকদের আগ্রহও তাই আরও বেড়েছে।