জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদের গল্প’-এর সফল সমাপ্তি উদযাপন করা হয়েছে এক জমকালো সাকসেস পার্টির মাধ্যমে। নাটকটির সাফল্যে সবচেয়ে বেশি আবেগাপ্লুত হয়ে পড়েন ‘মেহরিন’ চরিত্রে অভিনয় করা অভিনেত্রী কেয়া পায়েল।

সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাটকটি নিয়ে নিজের অভিজ্ঞতা, অনুভূতি এবং শুটিংয়ের দিনগুলোর স্মৃতিচারণ করেন এই অভিনেত্রী। তিনি জানান, চরিত্রটি তার কাছে দীর্ঘদিন মনে রাখার মতো একটি অর্জন হয়ে থাকবে।

পরিচালক রাফাত মজুমদার রিংকুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কেয়া পায়েল বলেন, এই চরিত্রটি পাওয়াই তার জন্য বিশেষ একটি সুযোগ ছিল। এমন একটি শক্তিশালী চরিত্রে কাজ করতে পারায় তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন এবং নাটকের পুরো টিমকে ধন্যবাদ জানান।

নাটকের জনপ্রিয়তা নিয়ে তিনি বলেন, প্রতিটি পর্ব দর্শকের মধ্যে আলাদা প্রতিক্রিয়া তৈরি করেছে। কোথাও হাস্যরস, কোথাও রোমান্স আবার কোথাও আবেগঘন মুহূর্ত দর্শকদের দারুণভাবে ছুঁয়ে গেছে। বিশেষ করে শেষ দিকের পর্বগুলো দর্শকদের আবেগাপ্লুত করেছে বলে জানান তিনি।

সহশিল্পী খায়রুল বাসারের সঙ্গে অনস্ক্রিন রসায়ন নিয়েও কথা বলেন কেয়া পায়েল। তার মতে, দর্শক যেভাবে জুটিটিকে গ্রহণ করেছে, তা একজন শিল্পীর জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

শুটিংয়ের দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, পুরো টিমের সঙ্গে কাজ করার সময় কখনোই আলাদা করে কাজের চাপ অনুভূত হয়নি। বরং সেট ছিল এক ধরনের পরিবার, যা এখন অনেকটাই মিস করছেন তিনি।

দর্শকদের আগ্রহ ও প্রতি সপ্তাহে নতুন পর্ব নিয়ে তাদের কৌতূহল ছিল নাটকটির বড় শক্তি বলেও মন্তব্য করেন কেয়া পায়েল। তার মতে, এই কাজটি তার ক্যারিয়ারে বিশেষ জায়গা করে নিয়েছে।