টালিউড ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল দীর্ঘ আট বছরের ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। তবে অভিনয়ের পাশাপাশি প্রায়ই তার ব্যক্তিগত জীবন ও শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে নানা ট্রল ও কটাক্ষের শিকার হতে হয় তাকে। নেটিজেনদের একাংশের দাবি, সৌন্দর্য বাড়াতে তিনি প্লাস্টিক সার্জারির আশ্রয় নিয়েছেন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে এই বিতর্ক ও সমালোচনার বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন অভিনেত্রী।

কেয়া পায়েল জানান, তিনি সবসময়ই প্রাকৃতিক সৌন্দর্যে বিশ্বাসী এবং ছোটবেলা থেকেই নিজের রূপের প্রশংসা শুনে বড় হয়েছেন। তবে নিজের একটি বিউটি স্যালুন থাকায় সৌন্দর্যচর্চা ও গ্রুমিংয়ের প্রতি তার বাড়তি আগ্রহ কাজ করে। সেই আগ্রহ থেকেই নিজের চেহারায় সামান্য কিছু পরিবর্তনের কথা ভেবেছিলেন তিনি। পায়েল অকপটে স্বীকার করেন, “আমি যেমন আছি তেমনই খুশি। তবে টুকটাক দুই-একটা জিনিস একটু অ্যাড করেছি। আর তাতেই ভক্তরা খুব রেগে গেল। তখন মনে মনে বলেছি- ভাই মাফ চাই, আর হবে না।”

পডকাস্টে দেশের মানুষের হুজুগে মানসিকতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, বিদেশি তারকারা নিজেদের লুকে পরিবর্তন আনলে সেটিকে 'গ্রুমিং' বলা হলেও দেশি শিল্পীদের ক্ষেত্রে সেটিকে ট্রল করা হয়। পায়েলের মতে, আমাদের দেশের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ; তারা অনেক সময় না জেনেই অন্যের মন্তব্যে সায় দিয়ে সমালোচনা শুরু করে। এই নেতিবাচক মানসিকতা পরিবর্তন হওয়া জরুরি বলে মনে করেন তিনি।