থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা খায়রুল বাসার। দুর্ঘটনায় তাঁর সঙ্গে আহত হয়েছেন চিত্রগ্রাহক মেহেদী রনি। বর্তমানে দুজনই থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। নাটকের একটি দৃশ্যের শুটিং করতে পাহাড়ের ওপর উঠেছিলেন তাঁরা। শুটিং শেষে স্কুটিতে করে পাহাড় থেকে নিচে নামার সময় হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

দুর্ঘটনার সময় স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। মুহূর্তের মধ্যেই দুজন সড়কে পড়ে যান। ঘটনাটি আকস্মিক হওয়ায় শুরুতে তাঁরা কিছুই বুঝে উঠতে পারেননি। শুটিং দলের অন্য সদস্যরা কিছুটা দূরে অবস্থান করছিলেন। পরে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত বাসার ও রনিকে উদ্ধার করেন।

হাসপাতাল থেকে দুর্ঘটনার বর্ণনা দিয়ে খায়রুল বাসার জানান, থাইল্যান্ডে নাটকের শুটিং ভালোভাবেই চলছিল। কোলান দ্বীপে পাহাড়ের ওপর একটি দৃশ্যের শুটিং শেষ করার পর নিচে নামার সময়ই স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়।

দুর্ঘটনায় নিজের আঘাতের বিষয়ে বাসার জানান, তাঁর বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। হাঁটতেও বেশ কষ্ট হচ্ছে। চিকিৎসার জন্য তাঁরা পাতায়ায় এসেছেন। শারীরিক অবস্থার কারণে আপাতত শুটিং চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।

চিত্রগ্রাহক মেহেদী রনির আঘাত তুলনামূলকভাবে গুরুতর বলে জানিয়েছেন খায়রুল বাসার। দুর্ঘটনায় তাঁর শরীরের বিভিন্ন অংশ ছুলে গেছে। বর্তমানে দুজনই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

জানা গেছে, থাইল্যান্ডে একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে গিয়েছিলেন খায়রুল বাসার। ঈদের পর দীর্ঘ বিরতি শেষে এবারই প্রথম বিদেশে শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। তবে দুর্ঘটনার কারণে আপাতত পুরো শুটিং কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।

চিকিৎসা ও প্রয়োজনীয় বিশ্রামের পর খায়রুল বাসার ও মেহেদী রনির শারীরিক অবস্থা বিবেচনা করে পরবর্তী শুটিংয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।