৩৩ বছর পর আবারও আলোচনায় এসেছে ১৯৯৩ সালের জনপ্রিয় সিনেমা খলনায়ক এর সিকুয়েল। নতুন ছবির নাম রাখা হয়েছে খলনায়ক রিটার্নস, যেখানে আবারও আইকনিক ‘বাল্লু বলরাম’ চরিত্রে ফিরছেন অভিনেতা সঞ্জয় দত্ত।
সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত টিজারে দেখা গেছে, সময়ের সঙ্গে বদলে যাওয়া এক কঠোর, রুক্ষ ও প্রতিশোধপরায়ণ বাল্লুর রূপ। এলোমেলো চুল, শিকল, চোখে তীব্রতা আর গলায় চুরুট সব মিলিয়ে চরিত্রটি আরও অন্ধকার ও ভয়ংকর হয়ে উঠেছে। টিজারের এক অংশে তাকে ১০ অক্টোবর রাত ১০টায় জেল ভাঙার ইঙ্গিত দিতেও দেখা যায়, যা ভক্তদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে।
সঞ্জয় দত্ত জানিয়েছেন, জেল জীবনের সময়েই তার মাথায় আসে এই নতুন কাহিনির ধারণা। সহবন্দীদের সঙ্গে আলোচনা করেই গল্পের ভিত্তি তৈরি করেন তিনি, যা পরে শেয়ার করা হয় মূল ছবির পরিচালক সুভাষ ঘাই এর সঙ্গে।
নব্বইয়ের দশকে মুক্তিপ্রাপ্ত খলনায়ক ছিল ব্যাপক সফল একটি সিনেমা, যেখানে আরও অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত ও জ্যাকি শ্রফ। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা ধরে রেখে এবার নতুন প্রজন্মের দর্শকদের জন্য তৈরি হচ্ছে খলনায়ক রিটার্নস।
সব মিলিয়ে, পুরনো নস্টালজিয়া আর নতুন গল্পের মিশেলে বাল্লুর এই প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।