বলিউড ও প্যান ইন্ডিয়ান সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। বর্তমানে তিনি ব্যস্ত আছেন তাঁর বহুল প্রতীক্ষিত আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর মুক্তি নিয়ে। এই ছবিতে কন্নড় সুপারস্টার যশের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। তবে আজকের এই সাফল্যের চূড়ায় পৌঁছানোর পথটা কিয়ারার জন্য মোটেও মসৃণ ছিল না। সম্প্রতি এক পডকাস্টে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কঠিন সংগ্রাম, মানসিক টানাপোড়েন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রোলিং নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।
ইন্টারভিউতে কিয়ারা জানান, তাঁর অভিষেক সিনেমা ‘ফাগলি’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর এক অন্ধকার সময় পার করতে হয়েছিল তাঁকে। তিনি বলেন, “প্রথম ছবির ব্যর্থতার পর খুব কঠিন সময় কেটেছে। তখন মনে হয়েছিল সবকিছু যেন থেমে গেছে। একটা ছবির ব্যর্থতা আপনাকে অনেক কিছু ভাবতে বাধ্য করে, অনেক সময় নিজেকে নিয়ে সংশয় কাজ করত।”
ব্যর্থতার পরও হাল ছাড়েননি কিয়ারা। দীর্ঘ সময় বড় কোনো কাজের সুযোগ না পেলেও অডিশন দেওয়া এবং নিজেকে প্রস্তুত করার প্রক্রিয়া চালু রেখেছিলেন। কিয়ারা বলেন, “মাঝখানে এমন সময়ও গেছে, যখন মনে হয়েছে হয়তো আর সুযোগ পাব না। কিন্তু আমি বিশ্বাস হারাইনি। প্রতিদিন অভিনয়ের নানা দিক নিয়ে কাজ করেছি। আজ যখন পেছনে ফিরে তাকাই, মনে হয় সেই কঠিন দিনগুলো না থাকলে আজকের জায়গায় পৌঁছাতে পারতাম না।” পরবর্তীতে ‘কবির সিং’ সিনেমার আকাশচুম্বী সাফল্য তাঁর ক্যারিয়ারের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়।
কেরিয়ারের সংগ্রামের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার নেতিবাচকতা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। প্লাস্টিক সার্জারি নিয়ে ওঠা এক সময়ের তীব্র গুজব তাঁকে মানসিকভাবে কতটা বিপর্যস্ত করেছিল, তা শেয়ার করে কিয়ারা বলেন, “মানুষ যখন বারবার একই কথা বলতে থাকে, তখন একসময় নিজেই সেটা বিশ্বাস করতে শুরু করেন। মন্তব্যগুলো পড়ে আমি সত্যিই বিচলিত হয়ে পড়েছিলাম। অথচ আমি মুখে কিছুই করাইনি।”
তিনি আরও যোগ করেন, “এত মানুষ যখন একই কথা বলে, তখন সেটা মাথার মধ্যে ঘুরতেই থাকে। একপর্যায়ে আমি নিজেই ভাবতে শুরু করেছিলাম, সত্যিই কি আমার মুখে কোনো পরিবর্তন এসেছে? এরপর আমি কমেন্ট পড়া বন্ধ করে দিই। মানুষ খুব সহজেই বিচার করে ফেলে, কিন্তু তারা জানে না এসব কথা একজন মানুষের ওপর কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”
উল্লেখ্য, গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমাটি দিয়ে নতুন এক কিয়ারাকে আবিষ্কার করবেন দর্শক এমনটাই ধারণা করা হচ্ছে। হাই-ভোল্টেজ এই সিনেমায় যশ ও কিয়ারা আদভানি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নয়নতারা, হুমা কুরেশি এবং তারা সুতারিয়াকে।