স্থানীয় একটি ধর্মীয় সংগঠনের ‘আপত্তি’ ও প্রশাসনিক অনুমোদনের জটিলতায় কিশোরগঞ্জে নির্ধারিত একটি উন্মুক্ত কনসার্ট স্থগিত করা হয়েছে। বুধবার বিকেল থেকে শহরের পুরোনো স্টেডিয়ামে এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অ্যাশেজ’ ও ‘নোবেলম্যান’ সহ একাধিক ব্যান্ডের পারফর্ম করার কথা ছিল। 

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন জানান, স্থানীয় ‘আলিশান রেস্তোরাঁ’ নামের একটি প্রতিষ্ঠানের আয়োজনে এই কনসার্টের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে হোটেল নিবন্ধন আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স বা নিবন্ধন না থাকায় তাদের কোনো আবেদনের অনুমোদন দেওয়ার সুযোগ ছিল না।

এর আগে মঙ্গলবার কনসার্টটি বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে ‘ইমাম-উলামা পরিষদ, কিশোরগঞ্জ সদর শাখা’। কনসার্টটি স্থগিত না হলে বুধবারে শহরের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচিও ঘোষণা করেছিল সংগঠনটি। তবে অনুষ্ঠান স্থগিতের খবর পেয়ে পরবর্তীতে তারা কর্মসূচী প্রত্যাহার করে নেয়।

এদিকে কনসার্ট স্থগিতের খবর নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে ব্যান্ড ‘অ্যাশেজ’। ভক্তদের উদ্দেশ্যে দেওয়া এক পোস্টে তারা লিখেছে, অনাকাঙ্ক্ষিত কিছু প্রশাসনিক কারণে পুরোনো স্টেডিয়ামের কনসার্টটি স্থগিত করা হয়েছে এবং পরিস্থিতি অনুকূলে এলে আবারও দেখা হবে।