গুঞ্জনটা ক’দিন ধরেই চলছিল, এবার তা সত্যি হলো। ভারতের রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ই-মেইলের মাধ্যমে তিনি পদত্যাগপত্র পাঠান বলে জানা গেছে, এমন খবর প্রকাশ করেছে সংবাদ প্রতিদিন।

কিছুদিন আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। নির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেসের অবস্থান দুর্বল হয়ে পড়ে। এর প্রভাব রাজ্যসভার রাজনৈতিক সমীকরণেও পড়েছে। দলটির আগের ১৩ জন সদস্যের মধ্যে এখন সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ জনে। রাজনৈতিক মহলে আলোচনা চলছে, আগামী দিনগুলোতে আরও কয়েকজন সদস্য পদত্যাগ করতে পারেন।

অভিনয়ের জগত থেকে রাজনীতিতে আসা কোয়েল শুরু থেকেই সরাসরি রাজনীতিতে খুব একটা সক্রিয় ছিলেন না। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে তার নাম রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় উঠে আসে, যা নিয়ে তখনই বিস্ময় তৈরি হয়েছিল অনেকের মধ্যে। পরে এপ্রিল মাসে দিল্লিতে গিয়ে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন।

সেই সময় কোয়েল বলেছিলেন, এটি একটি বড় দায়িত্ব এবং দেশের মানুষের সেবা করার সুযোগ যা তার জন্য গর্বের বিষয়।

তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তার পদত্যাগের সিদ্ধান্ত ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ তার আগের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলছেন।

এখন পর্যন্ত এ বিষয়ে কোয়েল মল্লিক আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেননি।