দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় টক শো কফি উইথ করণ। নির্মাতা ও সঞ্চালক করণ জোহর নিজেই নিশ্চিত করেছেন, আগামী দিওয়ালিতে শুরু হবে শোটির নবম সিজন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিজন ৯ এর ফেরার ঘোষণা দেন করণ। একজন ভক্ত শোটি কবে ফিরবে জানতে চাইলে তিনি সংক্ষিপ্ত উত্তর দেন দিওয়ালি, সিজন ৯। এর আগে ২০২৪ সালে শেষ হয়েছিল অষ্টম সিজন।

কফি উইথ করণ মানেই তারকাদের অকপট আড্ডা, চমকপ্রদ স্বীকারোক্তি এবং মাঝে মধ্যেই বিতর্ক। গত সিজনে রণবীর সিংদীপিকা পাড়ুকোন এর সম্পর্ক নিয়ে মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

এ ছাড়া অষ্টম সিজনে শর্মিলা ঠাকুর, সাইফ আলি খান, কারিনা কাপুর খান, আলিয়া ভাট, সানি দেওল এবং ববি দেওল এর উপস্থিতি শোটিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল।

এই শোয়ের ইতিহাসে রয়েছে বহু স্মরণীয় ও বিতর্কিত মুহূর্ত। কঙ্গনা রানাউত এর সেই বহুল আলোচিত পর্ব, যেখানে তিনি করণকে "স্বজনপোষণের ধ্বজাধারী" বলে মন্তব্য করেছিলেন, আজও বলিউডের অন্যতম আলোচিত টেলিভিশন মুহূর্ত হিসেবে বিবেচিত।

২০০৪ সালে যাত্রা শুরু করা কফি উইথ করণ দুই দশক ধরে দর্শকদের বিনোদনের অন্যতম প্রধান উৎস। নতুন সিজনেও তারকাদের অজানা গল্প, খুনসুটি এবং নতুন বিতর্কের অপেক্ষায় আছেন ভক্তরা।