প্রেম করছেন কি না, এমন প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। জানালেন, বর্তমানে কোনো সম্পর্কে নেই তিনি। নিজেকে ‘সুপার সিঙ্গেল’ বলেও মন্তব্য করেছেন ‘দুষ্টু কোকিল’খ্যাত এই গায়িকা।
সম্প্রতি প্রথম আলো ডটকমের নিয়মিত আয়োজন ‘মেরিল ক্যাফে লাইভ’-এ ‘হিউমার বনাম রিউমার’ পর্বে কনাকে প্রেমের বিষয়ে প্রশ্ন করেন উপস্থাপক মৌসুমী মৌ। উত্তরে কনা বলেন, ‘নাহ্। আমি প্রেম করছি না। এটা রিউমার। আমি সুপার সিঙ্গেল।’
তবে ভবিষ্যতে প্রেমের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি কনা। কেউ তাঁকে পছন্দ করলে সেই সম্পর্ক এগোতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, হতে পারে তো অবশ্যই।’
জীবনসঙ্গীর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো তালিকা নেই কনার। বরং সম্পর্কের জন্য পারস্পরিক বোঝাপড়া ও মানিয়ে নেওয়াকে বেশি গুরুত্ব দেন তিনি। কনা জানান, তিনি অনেক কিছু সহ্য করতে পারেন এবং সহজেই মানিয়ে নিতে পারেন। এমনকি তাঁর বন্ধুরাও বলেন, তিনি মানুষকে বেশি বোঝেন বলেই অনেক সময় ঝামেলায় পড়েন।
কনার ভাষায়, তিনি এমন একজন মানুষ চান, যিনি তাঁকে ভালোবাসবেন। তিনি যেমন করে ভালোবাসবেন, অন্য মানুষটিও যেন একইভাবে তাঁকে ভালোবাসেন। তাঁর কাছে জীবনসঙ্গীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানুষটি যেন তাঁর সঙ্গে থাকতে চান।
কনা বলেন, ‘আমি চাই যে মানুষটা আমার সঙ্গে থাকতে চাইবে। আমি তোমার সঙ্গেই থাকব। এটুকু হয়ে গেলে বাকিটা তো...।’
দুজন মানুষ একসঙ্গে থাকলে কিছুটা ত্যাগ ও সমঝোতা থাকবেই বলেও মনে করেন কনা। তাঁর মতে, একসঙ্গে পথ চলতে গেলে স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজ থাকবেই এবং সেখানেই সম্পর্কের সমন্বয় তৈরি হয়।
২০১৯ সালের এপ্রিলে গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন কনা। প্রায় ছয় বছর সংসারের পর ২০২৫ সালের ১৬ জুন তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছিলেন কনা। তখন তিনি বলেছিলেন, সিদ্ধান্তটি দুজনের জন্যই কঠিন ছিল, তবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
বিচ্ছেদের খবর প্রকাশের পর কনাকে ঘিরে নতুন সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছিল। বছরের শেষ দিকে মেহেদিরাঙা হাতের একটি ছবি প্রকাশের পর নতুন করে বিয়ের গুঞ্জন শুরু হয়। পরে জানা যায়, ছবিটি কনার ‘মেহেন্দি’ গানের শুটিংয়ের অংশ, এর সঙ্গে তাঁর বিয়ের কোনো সম্পর্ক নেই।
এর মধ্যে সংগীতাঙ্গনে নতুন গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন কনা। সৈয়দ অমির সঙ্গে তাঁর দ্বৈত গান ‘আমপাতা জোড়া জোড়া’ প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। এরপর এলিটা করিমের সঙ্গে কনার দ্বৈত গান ‘বন্ধু প্রিয়’ প্রকাশিত হয়। সোহেল আরমানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।