বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী Kriti SanonYami Gautam-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই দুই তারকার মধ্যে কি সত্যিই কোনো নীরব দ্বন্দ্ব শুরু হয়েছে? তবে বিতর্ক বাড়তেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ইয়ামি নিজেই।

সম্প্রতি মুম্বাইয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘সেরা অভিনেত্রী’ পুরস্কার পান কৃতি শ্যানন। Tere Ishk Mein ছবিতে অভিনয়ের জন্য এই সম্মান পান তিনি। একই বিভাগে মনোনয়ন ছিল ইয়ামি গৌতমেরও, Haqq ছবির জন্য।

কৃতির পুরস্কার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পোস্ট ছড়িয়ে পড়ে। একটি পোস্টে দাবি করা হয়, এই পুরস্কারের প্রকৃত দাবিদার আসলে ইয়ামি, কৃতির নয়। পরে দেখা যায়, সেই পোস্টে ‘লাইক’ দিয়েছেন ইয়ামি নিজেই। আর এতেই শুরু হয় জল্পনা, তাহলে কি দুই অভিনেত্রীর মধ্যে কোনো অঘোষিত প্রতিদ্বন্দ্বিতা চলছে?

বিষয়টি সামনে আসতেই ইয়ামি গৌতম ক্ষোভ প্রকাশ করে একটি দীর্ঘ বিবৃতি দেন। তিনি জানান, পোস্টটিতে ‘লাইক’ দেওয়া ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। ইয়ামি লিখেছেন, “আমার নজরে এসেছে, অন্য এক অভিনেতাকে ছোট করে করা একটি পোস্টে আমি কোনোভাবে ‘লাইক’ করেছি। প্রতিদিন অসংখ্য পোস্টে আমাদের ট্যাগ করা হয়। এই পোস্টও সেভাবেই সামনে এসেছিল। আমি ইচ্ছা করে ‘লাইক’ করিনি, হয়তো ভুল করে ক্লিক হয়ে গেছে।”

এখানেই থামেননি তিনি। ইয়ামি আরও বলেন, “জীবনে কখনোই আমি সস্তা প্রচারের আশ্রয় নিইনি। সব সময় নিজের কাজে মন দিয়েছি এবং সেভাবেই এগিয়ে গেছি। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে এসব নিয়ে গুজব তৈরি হয়। তবে আশা করি মানুষ বিষয়টি বুঝবেন। আমার কোনো পিআর টিম নেই। পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে আমার অবস্থান আমি আগেই পরিষ্কার করেছি, এখনো আমি নিজের কাজেই মন দিচ্ছি।”

ইয়ামি নিজের অবস্থান পরিষ্কার করলেও বিতর্ক পুরোপুরি থামেনি। দুই অভিনেত্রীর ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন। তবে এত আলোচনা চললেও কৃতি শ্যানন এখনো নীরব। পুরস্কার জয়ের পরও এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।