গান দিয়েই ক্যারিয়ার শুরু হয়েছিল কুসুম শিকদারের। অ্যালবাম প্রকাশের পর অভিনয়ে নিয়মিত হলেও গানের প্রতি ভালোবাসা ধরে রেখেছেন এই অভিনেত্রী। এবার নতুন মৌলিক গান ‘প্রবল ঘোর’ নিয়ে ফিরছেন তিনি। আজ শুক্রবার কুসুম শিকদারের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে। গানটির কথা লিখেছেন কুসুম নিজেই। সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানি।
কুসুম জানান, ‘প্রবল ঘোর’ তাঁর পছন্দের একটি গান। করোনাভাইরাস মহামারির শুরুর দিকে গানটি লিখেছিলেন তিনি। পরে রেকর্ডিং সম্পন্ন হলেও মিউজিক ভিডিওর শুটিং করতে না পারায় গানটি প্রকাশ করা হয়নি। অবশেষে গত জুনে কক্সবাজারে গানটির মিউজিক ভিডিওর শুটিং করেন তিনি। এতে তাঁর সঙ্গে মডেল হিসেবে ছিলেন শাহ রাসেল।
গান প্রকাশে দীর্ঘ বিরতির কারণ ব্যাখ্যা করে কুসুম বলেন, সিনেমা পরিচালনার কাজে তাঁর অনেকটা সময় চলে গেছে। এ কারণে চাইলেও গানটির সব কাজ শেষ করতে পারেননি। এর মধ্যে কিছু গান করলেও মৌলিক গান প্রকাশ করা হয়নি তাঁর। তবে দর্শকদের কাছ থেকে প্রায়ই নতুন গান নিয়ে প্রশ্ন শুনতে হয় তাঁকে। শুরুর দিকের ‘নেশা’ গানটির কথাও এখনো মনে রেখেছেন অনেকে। এসব কারণেই নতুন করে মৌলিক গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গান নাকি অভিনয়, কোন পরিচয়টি তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ, এমন প্রশ্নে কুসুমের উত্তর, ‘গান আমার প্রেম, অভিনয় আমার পেশা।’ শখ ও ভালো লাগা থেকে গান করলেও অভিনয়কেই নিজের মূল পেশা হিসেবে দেখেন তিনি। ২০০২ সাল থেকে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়া এই অভিনেত্রীর কাছে অভিনয়ই তাঁর গর্বের পরিচয়।
এদিকে ‘শরতের জবা’ সিনেমার দুই বছর পর দ্বিতীয় সিনেমা পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন কুসুম শিকদার। নতুন সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে গল্পের কাজ শেষ হয়েছে, চলছে চিত্রনাট্য তৈরির কাজ।
পরিচালক হিসেবে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন জানিয়ে কুসুম বলেন, অভিনয়জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাধীনভাবে সিনেমা নির্মাণ করতে চান তিনি। এ জন্য নিজেই প্রযোজনার দায়িত্ব নিচ্ছেন। অভিনয়ের পাশাপাশি নিয়মিত সিনেমা নির্মাণ চালিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর।
সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী বছরের শুরুতে নতুন সিনেমার শুটিং শুরু করতে চান কুসুম শিকদার।