বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে গভীর শোক ও বিষাদ নেমে এসেছে পুরো চলচ্চিত্র অঙ্গনে। কিংবদন্তি এই অভিনেতার হঠাৎ বিদায়ে বাকরুদ্ধ তাঁর সহকর্মী ও ভক্তরা। নানার স্মৃতিতে আবেগঘন এক দীর্ঘ বার্তা শেয়ার করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ক্যারিয়ারের শুরুর দিকে নানার সঙ্গে কাজ করার স্মৃতি এবং তাঁর বলা মূল্যবান বার্তা স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

ফেসবুকে দেওয়া বার্তায় শাহরুখ খান লেখেন, ‘প্রথম যেদিন তাঁর সঙ্গে দেখা হয়েছিল, মুগ্ধতা আর জড়তার কারণে আমি বারবার নিজের চুল ঠিক করছিলাম। তিনি আমার হাত সরিয়ে দিয়ে বলেছিলেন নায়কের মতো চুল সাজাবি না, তুই একজন অভিনেতা!’ নানার রুক্ষ কিন্তু ভীষণ সৎ ব্যক্তিত্বের কথা উল্লেখ করে শাহরুখ আরও লেখেন, ‘তিনি কখনো কারো মন জোগানোর চেষ্টা করতেন না। কেউ যা শুনতে চাইত, তা বলতেন না; বরং যা শোনা প্রয়োজন, সেটাই বলতেন। তাঁর স্বভাব ছিল এমনই সোজাসাপটা, রুক্ষ অথচ সৎ; আর সবচেয়ে সুন্দর হাসিগুলোর একটি ছিল তাঁর।’

১৯৯২ সালে ‘রাজু বন গ্যায়া জেন্টলম্যান’ এবং ২০০২ সালে ‘শক্তি’ সিনেমায় একসঙ্গে কাজ করার সুবাদে দুজনের মাঝে তৈরি হয়েছিল এক গভীর আত্মিক সম্পর্ক। নানাকে নিজের পথপ্রদর্শক ও শিক্ষক উল্লেখ করে শাহরুখ আক্ষেপ প্রকাশ করে লেখেন, ‘যদি আরেকটু কথা বলার সুযোগ পেতাম! আরেকটা তর্ক, আরও এক কাপ চা কিংবা ক্যারামের আরেকটা খেলা ইশ! যদি আরেকবার হতো!’ নানার দেওয়া সেই অমর উপদেশ স্মরণ করে শাহরুখ লেখেন, ‘আপনার বলা কথাগুলো আমৃত্যু হৃদয়ে ধারণ করে রাখব নায়ক হওয়ার চক্করে পড়ে অভিনেতা পরিচয়টা হারিয়ে ফেলো না।’