রোম্যান্স বা জীবনঘনিষ্ঠ চরিত্রে নয়, আসন্ন ঈদে পুরো অ্যাকশন ঘরানায় হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। নির্মাতা শিহাব শাহীন এর নতুন ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’ এ একেবারে ভিন্ন অবতারে দেখা যাবে তাকে। এতে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী

নিজের নতুন চরিত্র নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রীতম। তিনি জানান, দর্শক তাকে আগে যে ধরনের চরিত্রে দেখেছেন, ‘ক্যাকটাস’-এ তার চরিত্রটি সম্পূর্ণ আলাদা। যদিও গল্পের বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না, তবে ইঙ্গিত দিয়েছেন সিরিজটিতে জেমস বন্ড বা ‘০০৭’-ধাঁচের একটি ভাইব থাকবে। অর্থাৎ রোমাঞ্চ, রহস্য আর ভরপুর অ্যাকশন মিলিয়ে ভিন্ন স্বাদের একটি প্রজেক্ট অপেক্ষা করছে দর্শকদের জন্য।

মেহজাবীনের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে প্রীতম বলেন, তিনি অসাধারণ অভিনেত্রী এবং সহশিল্পী হিসেবেও দারুণ সহযোগী। নির্মাতা শিহাব শাহীন অত্যন্ত যত্ন নিয়ে কাজটি নির্মাণ করছেন বলেও উল্লেখ করেন তিনি। প্রীতমের বিশ্বাস, ঈদে মুক্তি পাওয়া কনটেন্টগুলোর মধ্যে ‘ক্যাকটাস’ প্রশংসিত হবে।

শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় নির্মিত এই সিরিজের বেশিরভাগ অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। ঢাকায় অল্প কিছু দৃশ্যধারণ বাকি থাকলেই পুরো কাজ সম্পন্ন হবে। এর আগে শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ দিয়ে প্রীতম প্রশংসা কুড়িয়েছিলেন। নতুন সিরিজ ‘ক্যাকটাস’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি তে। এতে আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার ও সানজিদা তাসনিম।