ভারতের আলোচিত ইউটিউবার ও ‘বিগ বস ১৭’ এর সাবেক প্রতিযোগী অনুরাগ ডোভাল এর শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। দুর্ঘটনার পর কিছুটা স্থিতিশীল থাকলেও নতুন জটিলতা দেখা দেওয়ায় বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে অনুরাগের ম্যানেজার রোহিত পান্ডে তাঁর শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য জানান।
রোহিত জানান, সকাল পর্যন্ত অনুরাগের অবস্থা স্থিতিশীল ছিল। তবে দুর্ঘটনার সময় তাঁর ফুসফুস আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে গুরুতর সংক্রমণ দেখা দিয়েছে। পরে চিকিৎসকেরা জানান, তিনি তীব্র নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন।
তিনি আরও বলেন, বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন অনুরাগ এবং তাঁর সুস্থতার জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছেন। এর আগে বৃহস্পতিবার রোহিত জানিয়েছিলেন, আইসিইউ থেকে অনুরাগকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে। সে সময় হাসপাতালের শয্যায় শুয়ে থাকা অনুরাগের একটি ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তিনি। ছবিতে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা যায় ইউটিউবারকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার শিকার হন অনুরাগ ডোভাল। লাইভ চলাকালেই তিনি আবেগঘন কিছু কথা বলেছিলেন। একপর্যায়ে মায়ের উদ্দেশে বলেন, “পরের জন্মে যদি আসি, শুধু একটু ভালোবাসা দিয়ো।” এর কিছুক্ষণ পরই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং তাঁকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
এর আগে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা একটি ভিডিওতে পারিবারিক দ্বন্দ্বের কারণে মানসিক চাপে থাকার কথাও জানিয়েছিলেন অনুরাগ। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।