মধ্যরাতের ফাঁকা রাস্তায় লাল গাড়ি আর লাল শাড়ি পরা এক অতৃপ্ত আত্মার রহস্যময় গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন হরর-থ্রিলার নাটক ‘লালপরী’। ভালোবাসা, বিশ্বাস, প্রতারণা ও ভৌতিক আবহের মিশ্রণে তৈরি নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও রেহান।
প্রতিবেদনে জানানো হয়, জোবায়ের আবীর পিয়ালের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই নাটকের গল্প আবর্তিত হয়েছে ব্লু মুনের এক নির্জন রাতকে কেন্দ্র করে। প্রভা (স্পর্শিয়া) নামের এক তরুণীর জীবনের ট্র্যাজেডি এবং অয়ন (রেহান) নামের এক গ্যারেজ মেকানিকের আগমনকে ঘিরে উন্মোচিত হয় সম্পর্কের অজানা সব সমীকরণ। লাল গাড়িটি কেনার পর থেকে একের পর এক অস্বাভাবিক ঘটতে থাকা পরিস্থিতির মুখোমুখি হয়ে রহস্যের জট খুলতে শুরু করে অয়ন।
প্রচলিত ভৌতিক গল্পের বাইরে গিয়ে থ্রিলার, আবেগ ও মানসিক টানাপোড়েনকে প্রাধান্য দিয়ে গল্পটি তৈরি করা হয়েছে। অতিরিক্ত সংলাপের জায়গায় শিল্পীদের চমৎকার এক্সপ্রেশন ও অস্বস্তিকর পরিবেশের মাধ্যমে ফুটিয়ে তোলা এই নাটকটির রহস্যের শেষ পরিণতি দেখা যাবে ‘হাউজ অব স্টোরিজ’-এর ইউটিউব চ্যানেলে।