বলিউড সুপারস্টার সলমান খানের গান ‘ম্যায় হুঁ হিরো তারা’-কে কেন্দ্র করে সুরকার আমাল মালিকের ক্রেডিটের বিতর্কিত পরিস্থিতির মাঝেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এক এডিটেড ভিডিও। এতে দেখা যায়, সলমানের গান গাওয়ার স্টাইল দেখে মাথায় হাত দিয়ে ট্রোল করছেন প্রখ্যাত গায়ক সোনু নিগম। তবে সম্প্রতি সেই এডিটেড ভিডিওর বিষয়ে মুখ খুলে বিভ্রান্তি দূর করেছেন সোনু নিজেই।

প্রতিবেদনে জানানো হয়, ভাইরাল হওয়া ভিডিওটিতে সলমান খানের গান শুনে সোনুকে কপালে হাত দিয়ে হতাশ প্রকাশ করতে এবং কাঁদতে দেখা গেলেও এর পেছনে আসল সত্য সম্পূর্ণ ভিন্ন। সোনু তাঁর ইনস্টাগ্রাম পেজে ভিডিওটি শেয়ার করে জানান, ইন্টারনেট থেকে আজকাল যা ইচ্ছা আশা করা যায়। মূলত পাকিস্তানের শিশুশিল্পী হাদিদিয়া হাশমির গান শুনে মুগ্ধ হয়ে ও আবেগপ্লুত হয়ে যে প্রতিক্রিয়া তিনি দিয়েছিলেন, সেটিকে ডিজিটালভাবে এডিট করে সলমানের সাথে জুড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ‘হিরো’ সিনেমার দশ বছর পূর্তিতে সলমান খান ফিল্মস থেকে পোস্টটি করার সময় সুরকার আমাল মালিকের নাম বাদ পড়ায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই উত্তপ্ত পরিস্থিতিতেই সোনু নিগমের এই পুরনো প্রতিক্রিয়া ভিডিওটি ভুলভাবে কাটছাঁট করে ছড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি পরিষ্কার করার জন্য অনুরাগীদের পাশাপাশি অন্য শিল্পীরাও সোনুর পাশে এসে মন্তব্য করেছেন।