সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা শ্রেয়া কালরা এবার যুক্ত করলেন নতুন এক সাফল্য। নেটফ্লিক্সের আলোচিত রিয়েলিটি শো ‘লক আপ’-এর দ্বিতীয় আসরের বিজয়ী হয়েছেন তিনি। দীর্ঘ প্রতিযোগিতা, নানা বিতর্ক এবং কঠিন লড়াই শেষে ট্রফির পাশাপাশি জিতে নিয়েছেন ১ কোটি রুপি পুরস্কার।
১৯৯৭ সালের ১৪ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন শ্রেয়া কালরা। এমবিএ ডিগ্রিধারী এই কনটেন্ট ক্রিয়েটর প্রথম পরিচিতি পান টিকটকে নাচ ও লিপসিংক ভিডিওর মাধ্যমে। ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর তিনি ইনস্টাগ্রাম ও ইউটিউবে নিয়মিত কনটেন্ট তৈরি করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। ফ্যাশন, লাইফস্টাইল, বিনোদন এবং নাচভিত্তিক ভিডিওর মাধ্যমে গড়ে তোলেন বিশাল অনুসারী।
ডিজিটাল প্ল্যাটফর্মে সাফল্যের পর ২০২০ সালে ‘এমটিভি রোডিজ রেভোল্যুশন’-এ ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসেবে অংশ নেন শ্রেয়া। পরে একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করেন। কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকির সঙ্গে ‘দ্য সোসাইটি’-এর দ্বিতীয় মৌসুম সঞ্চালনার পাশাপাশি ‘ডোন্ট স্পিল টু মাচ’ নামে একটি পডকাস্টও পরিচালনা করেছেন। এছাড়া কয়েকটি ওটিটি মিনিসিরিজেও অভিনয় করেছেন তিনি।
‘লক আপ ২’-এ শুরু থেকেই নিজের পরিকল্পিত কৌশল, স্পষ্টভাষী মনোভাব এবং মানসিক দৃঢ়তার জন্য আলোচনায় ছিলেন শ্রেয়া। বিভিন্ন টাস্কে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পাশাপাশি চাপের মুহূর্তেও আত্মবিশ্বাস ধরে রাখায় দর্শকদের প্রশংসা কুড়ান তিনি।
তবে পুরো মৌসুম জুড়েই বিতর্কও ছিল তাঁর সঙ্গী। প্রতিযোগী শিবাঙ্গী জোশী, আকাঙ্ক্ষা চৌধুরী, যোগেশ রাওয়াত ও হর্ষদ চোপড়ার সঙ্গে একাধিকবার তীব্র বাকবিতণ্ডায় জড়ান শ্রেয়া। একটি স্পর্শকাতর মন্তব্যকে ঘিরে সবচেয়ে বড় বিতর্কের সৃষ্টি হলে বাড়ির অধিকাংশ সদস্য তাঁর বিরুদ্ধে অবস্থান নেন। পরে শিলপা শিন্দের সঙ্গেও তাঁর বিরোধ দর্শকদের নজর কাড়ে।
সব বিতর্ক সামলেও প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েননি শ্রেয়া। বরং প্রতিটি পরিস্থিতিকে নিজের পক্ষে কাজে লাগিয়ে ফাইনালে জায়গা করে নেন। পুরো মৌসুমে তাঁর প্রভাবশালী উপস্থিতি ও নির্ভীক অবস্থানের কারণে অনেক দর্শক মজা করে ‘লক আপ ২’-কে ‘দ্য শ্রেয়া কালরা শো’ বলেও উল্লেখ করেছেন।
শেষ পর্যন্ত দর্শকদের ভোট এবং ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতে ‘লক আপ ২’-এর শিরোপা জিতে নেন শ্রেয়া কালরা। এই জয়ের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় মুখ থেকে রিয়েলিটি শোর সফল তারকা হিসেবেও নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি।