মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে সম্প্রতি ভক্তদের দারুণ আবেগাপ্লুত করে ফেলেছেন ভারতের জনপ্রিয় প্রবীণ সংগীতশিল্পী লাকি আলী। সম্প্রতি এক অনুষ্ঠানে জীবন ও মৃত্যুর অনিবার্যতা নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। সেখানে তিনি জানান, যেকোনো সময় মৃত্যুর মুখোমুখি হওয়ার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত। এমনকি ভ্রমণের সময় নিজের সঙ্গে ‘কাফনের কাপড়’ হিসেবে সাদা ইহরামের পোশাকও রাখেন এই গায়ক। ভাইব নিউজ-এর এই প্রতিবেদনে থাকছে বিস্তারিত।

আগামী ১৬ আগস্ট দুবাইয়ে একটি কনসার্টে গান গাওয়ার কথা রয়েছে লাকি আলীর। সেই বিশেষ আয়োজনের আগে তাঁর এমন মন্তব্যে নতুন করে চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কয়েক প্রজন্মের শ্রোতার কাছে প্রিয় গায়ক লাকি আলীর মুখ থেকে মৃত্যুর কথা শুনে বিষাদ প্রকাশ করেছেন অনুরাগী ও ভক্তরা।

অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশ্যে লাকি আলী বলেন, "আমি জানি, আমিও তোমাদের ভালোবাসি। একদিন তো আমাদের সবাইকে চলে যেতে হবে। আমি তোমাদের প্রস্তুত করছি না, কিন্তু আমি আসলে প্রস্তুত।" নিজের কাছে কাফনের কাপড় রাখা নিয়ে তিনি যোগ করেন, "আমি যখনই ভ্রমণ করি, সঙ্গে আমার ইহরাম রাখি। এটিই আমার কাফনের কাপড়। যেখানে আমার মৃত্যু হবে, সেখান থেকেই আমাকে যেতে দিয়ো।"

বলিউডের বিখ্যাত অভিনেতা মেহমুদের ছেলে হলেও সংগীতকেই নিজের মূল পরিচয় হিসেবে বেছে নিয়েছিলেন লাকি আলী। নব্বইয়ের দশকে ‘ও সনম’ গানের মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া এই শিল্পীর ঝুলিতে ‘এক পল কা জিনা’, ‘না তুম জানো না হাম’ এবং ‘সফরনামা’-র মতো কালজয়ী সব গান রয়েছে। মূলধারার সিনেমার চেনা কাঠামোর বাইরে গিয়ে নিজের মতো করে গান করার তাগিদেই পরবর্তীতে বলিউড থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলেন এই গুণী শিল্পী।