বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত দীর্ঘ সময় ধরে অভিনয় ও নাচের দক্ষতায় দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা দখল করে রেখেছেন। তার ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা ‘দেবদাস’ নিয়ে এবার সামনে এসেছে এক চমকপ্রদ তথ্য।

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত এই ব্লকবাস্টার সিনেমার বিখ্যাত গান ‘দোলা রে দোলা’র শুটিংয়ের সময় মাধুরী চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। শারীরিক অসুস্থতা ও জ্বর থাকা সত্ত্বেও তিনি শুটিং এবং দীর্ঘ রিহার্সাল চালিয়ে গিয়েছিলেন।

গানটিতে মাধুরীর সঙ্গে নেচেছিলেন ঐশ্বরিয়া রায়। বিশাল সেট, ভারী পোশাক এবং জটিল নৃত্যনির্ভর এই গানের পরিচালনায় ছিলেন সঞ্জয় লীলা বানসালি। আজও গানটি বলিউডের অন্যতম স্মরণীয় নৃত্য পরিবেশনা হিসেবে বিবেচিত হয়।

প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খানের দীর্ঘদিনের সহকারী রুবিনা খান এক সাক্ষাৎকারে জানান, ‘দোলা রে দোলা’ গানের শুটিং শেষ করতে লেগেছিল ১৭ দিন, আর তার আগে প্রায় এক মাস ধরে চলে রিহার্সাল।

রুবিনার ভাষ্য অনুযায়ী, অন্তঃসত্ত্বা অবস্থার কারণে একটি কঠিন নৃত্যভঙ্গি করতে গিয়ে মাধুরীর মাথা ঘুরে যেত। সেই দৃশ্যে তাকে ঘুরে বসে পড়তে হতো। তবু তিনি কখনও অভিযোগ করেননি কিংবা নাচের স্টেপ পরিবর্তনের অনুরোধও জানাননি। বরং নির্ধারিত কোরিওগ্রাফি নিখুঁতভাবে সম্পন্ন করার চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, বর্তমান সময়ের অনেক শিল্পী কঠিন নাচ নিয়ে আপত্তি তুললেও মাধুরীর মধ্যে ছিল ভিন্ন ধরনের পেশাদারিত্ব ও একাগ্রতা।

শুধু মাধুরীই নন, শুটিংয়ের সময় অসুস্থ ছিলেন কোরিওগ্রাফার সরোজ খানও। পরিচালক সঞ্জয় লীলা বানসালি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, শারীরিক কষ্টের মধ্যেও সরোজ খান মেঝেতে শুয়ে শুয়ে নির্দেশনা দিয়েছেন।

বানসালির স্মৃতিচারণ অনুযায়ী, ‘দেবদাস’ মুক্তির দিন হাসপাতালে ভর্তি ছিলেন সরোজ খান। আধা চেতন অবস্থাতেও তিনি জানতে চেয়েছিলেন, ‘দোলা রে দোলা’ গানে দর্শক টাকা ছুড়েছে কি না যা তার কাজের প্রতি গভীর ভালোবাসা ও নিবেদনেরই প্রমাণ।

মাধুরী, ঐশ্বরিয়া, শাহরুখ খান, সরোজ খান এবং পুরো টিমের কঠোর পরিশ্রমে তৈরি ‘দোলা রে দোলা’ আজও বলিউড ইতিহাসের অন্যতম মাইলফলক হয়ে আছে। কাজের প্রতি সেই নিষ্ঠার কারণেই মাধুরী এখনও সমানভাবে প্রাসঙ্গিক বলে মনে করেন অনেকে।