গানের মধ্যে দিয়ে মানুষকে আনন্দ দেওয়া আর ভালোবাসাই যাঁর দীর্ঘ পথচলার একমাত্র অঙ্গীকার, সেই বাংলা রকের ‘গুরু’ নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমসের আজ জন্মদিন। সময়ের ধারায় বহু বছর পেরিয়ে গেছে, বদলেছে গান শোনার মাধ্যম ও ধরন; কিন্তু গিটার হাতে স্টেজে উঠে মাইক্রোফোন ধরার সেই চিরচেনা জেমস আজও শ্রোতাদের মনে উসকে দেন উন্মাদনা। জন্মদিনের এই দিনে নিজের জীবনদর্শন, গান ও জীবনের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

নিজের জন্মদিন পালন প্রসঙ্গে জেমস বলেন, ‘জন্মদিন তো একটাই, যেদিন তুমি জন্মেছ। এরপর এগুলো তো জন্মদিন নয়। আমি সমাজ বদল করতে আসিনি, আমি সমাজকে আনন্দ দিতে এসেছি। মানুষ বারবার জন্ম নেয় না। আমি কোনো দিনই বিশেষভাবে জন্মদিন পালন করি না; সাধারণভাবেই পরিবারের সঙ্গে সময় কাটাই।’ সংগীত ও সংস্কৃতির পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, অনেক আর্ট ফর্ম সময়ের সঙ্গে হারিয়ে গেলেও কিছু শিল্প এখনো মানুষ ভালোবাসা থেকেই আঁকড়ে ধরে রেখেছে।

গান বানানোর মূল উদ্দেশ্য নিয়ে এই রকিং স্টার বলেন, গান মানুষের জন্যই বানানো হয়েছে মানুষ গান শুনবে এবং গাইবে। সংস্কৃতি নদীর মতো আপন গতিতে বয়ে চলে, একে বাধা দিলে তা ব্যাহত হয়। নতুন গান করার ইচ্ছা ব্যক্ত করার পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, এখনকার সময়টা নতুনদের; প্রচুর প্রতিভাবান তরুণ শিল্পী আসছে এবং শ্রোতাদের তাদের গান শোনা উচিত। উল্লেখ্য, ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করা এই কিংবদন্তি শিল্পীর বেড়ে ওঠা চট্টগ্রামে এবং গানের টানে ঘর ছেড়ে আজিজ বোর্ডিংয়ে কাটানো দিনগুলো থেকে শুরু করে আজ অব্দি তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।