অভিনয়শিল্পী ও উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা দীর্ঘ দুই দশকের কর্মজীবন শেষে পা রাখলেন জীবনের এক নতুন অধ্যায়ে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের চাকরি ছেড়ে বিশ্বখ্যাত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরেকটি নামকরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও শুরু করেছেন এই তারকা।

সামাজিক মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে মিথিলা জানান, তিনি কলাম্বিয়া ইউনিভার্সিটির ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ সহযোগী গবেষণা বিজ্ঞানী (অ্যাসোসিয়েট রিসার্চ সাইন্টিস্ট) হিসেবে কাজ শুরু করেছেন। সেখানে তিনি নিউ ইয়র্কে অবস্থিত ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রজেক্টের ডিজাইন ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন। এই প্রকল্পটি মূলত প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা ও কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে।

কলাম্বিয়ায় গবেষণার পাশাপাশি আরও একটি নতুন পরিচয়ে হাজির হয়েছেন মিথিলা। তিনি সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক (CUNY)-এ ‘অ্যাডজাংন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে ননপ্রফিট ম্যানেজমেন্ট বিষয়ে শিক্ষকতা শুরু করেছেন। নিজের এই প্রাপ্তিতে সাবেক প্রতিষ্ঠান ব্র্যাকের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি এবং নতুন জীবনের এই যাত্রায় সবার কাছে দোয়া চেয়েছেন।