২০০২ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট হরর ছবি ‘রাজ’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী মালিনী শর্মা। কিন্তু ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থাতেই হঠাৎ আলো ঝলমলে রূপালী পর্দা ও শহুরে জীবন ছেড়ে গায়েব হয়ে যান তিনি। দীর্ঘ ২৩ বছর পর সম্প্রতি তাঁর এই নির্জন জীবনের গল্প প্রকাশ পাওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। 

প্রতিবেদনে জানা যায়, মালিনী শর্মা বর্তমানে ভারতের সাহ্যাদ্রি পাহাড়ে একটি নিজস্ব ফার্মস্টে পরিচালনা করছেন। সেখানে অতিথিদের জন্য ঘরোয়া খাবার পরিবেশন, হাতে তৈরি উপহারসামগ্রী তৈরি এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য প্রসারে কাজ করছেন তিনি। প্রতিবেদনটি প্রকাশের সময় তাঁর ইনস্টাগ্রাম অনুসারী সংখ্যা ছিল মাত্র ৬৪৪। তবে এক সপ্তাহের ব্যবধানে সেই সংখ্যা লাফিয়ে ২৮ হাজার ছাড়িয়ে যায়। এই অপ্রত্যাশিত ভালোবাসার জবাবে একটি ভিডিও বার্তা পোস্ট করে মালিনী সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বলিউড ছেড়ে দেওয়ার কোনো আফসোস আছে কি না এক অনুরাগীর এমন প্রশ্নের জবাবে মালিনী জানান, তিনি অভিনয় একেবারে ছেড়ে দেননি, কেবল জীবনের দিক বদলেছেন। প্রয়োজন মনে করলে আবারও ক্যামেরার সামনে ফিরতে পারেন তিনি। চাকচিক্যময় খ্যাতি পেছনে ফেলে প্রকৃতির কাছাকাছি এমন শান্ত ও সরল জীবন বেছে নেওয়ার সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন তাঁর নতুন-পুরোনো ভক্তরা।