গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি অভিনেতা মামুনুর রশীদ। গত চার দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছে তার। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। একই সঙ্গে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
মামুনুর রশীদের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এই অভিনেতা। তার শারীরিক অবস্থা জটিল হওয়ায় বুধবার তাকে মাইল্ড ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা তাকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এর আগে ২০২৫ সালের এপ্রিলেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন মামুনুর রশীদ। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়লে সেখানে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন এই অভিনেতা।
দেশে ফেরার পর আবারও অভিনয়ে নিয়মিত হন মামুনুর রশীদ। কিছুদিন আগে নেপালে গিয়ে স্থানীয় একটি মঞ্চনাটকও নির্দেশনা দেন তিনি।
মঞ্চ ও টেলিভিশন নাটকের পরিচিত মুখ মামুনুর রশীদ পাঁচ দশকেরও বেশি সময় ধরে দেশের সংস্কৃতি অঙ্গনে অবদান রেখে চলেছেন। অভিনয়ের পাশাপাশি নাট্যনির্দেশক হিসেবেও রয়েছে তার বিশেষ পরিচিতি। নাট্যকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তিনি একুশে পদক লাভ করেন।