মেয়ে ম্যালটি মেরিকে নিয়ে অস্ট্রেলিয়ার চিড়িয়াখানায় আনন্দঘন সময় কাটালেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। চার বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে বন্যপ্রাণীর কাছাকাছি যাওয়ার নতুন অভিজ্ঞতা উপভোগ করেন তিনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়াও।

চিড়িয়াখানা ভ্রমণের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। ছবিতে দেখা যায়, কখনো নিজের হাতে ক্যাঙ্গারুকে খাবার দিচ্ছে ম্যালটি, আবার কখনো মায়ের পাশে বসে বিশাল গন্ডারের সঙ্গে ছবি তুলছে। এ ছাড়া জিরাফ, শিঙ্গলব্যাক গিরগিটি ও ছোট কোয়ালার সঙ্গেও সময় কাটানোর সুযোগ পেয়েছে সে।

ছবিগুলোর ক্যাপশনে প্রিয়াঙ্কা জানান, চিড়িয়াখানার দক্ষ কর্মী ও চিকিৎসকদের দিকনির্দেশনায় প্রাণীদের কাছাকাছি গিয়ে ম্যালটির উচ্ছ্বাস দেখে তিনি মুগ্ধ হয়েছেন।

অন্যদিকে, মেয়ের পাশাপাশি নিজেও প্রাণীদের সঙ্গে বেশ আনন্দে সময় কাটিয়েছেন প্রিয়াঙ্কা। কখনো জিরাফের সঙ্গে, কখনো কোয়ালাকে জড়িয়ে ধরে, আবার কখনো রিং-টেইলড লেমুরের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন অভিনেত্রী। পুরো ভ্রমণের মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।