বক্স অফিসে শুরু থেকেই ইতিবাচক সাড়া ফেলা তামিল স্পোর্টস-অ্যাকশন ড্রামা ‘মানদাদি’ মুক্তির দ্বিতীয় দিনে দারুণ আয়ের মুখ দেখেছে। প্রথম দিনের সাফল্যের পর দ্বিতীয় দিনে সিনেমাটির আয় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে ভারতে প্রায় ১২.৫০ কোটি রুপি গ্রস কালেকশন করতে সক্ষম হয়েছে। 

প্রতিবেদনে জানানো হয়, প্রথম দিনে ৫.২৫ কোটি রুপি দিয়ে যাত্রা শুরু করার পর দ্বিতীয় দিনে তা একলাফে বেড়ে দাঁড়ায় ৭.২৫ কোটি রুপিতে। বড় বাজেটের সিনেমা ‘সরদার ২’-এর সঙ্গে একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ার দৌলতে বক্স অফিসে ইতোমধ্যেই ‘হিট’ তকমা নিশ্চিত করেছে সিনেমাটি। মূল রাজ্য তামিলনাড়ু থেকেই দু’দিনে ৯ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে ছবিটি। এছাড়া তেলুগু অঞ্চল থেকে ২.১০ কোটি এবং কর্ণাটক থেকে ১ কোটি রুপি আয় এসেছে।

মাথিমারন পুগাজেন্ধি পরিচালিত ও সহ-লিখিত এই সিনেমায় সূরি ও সুহাসের পাশাপাশি মূল ভূমিকায় অভিনয় করেছেন মহিমা নামবিয়ার, সত্যরাজ, কৃষ হাসান, মিথুন জয় শঙ্কর, রবীন্দ্র বিজয় এবং বালা সারাভানান। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন জি ভি প্রকাশ কুমার। দর্শকদের মাঝে অব্যাহত সাড়ার কারণে দীর্ঘ মেয়াদে প্রেক্ষাগৃহে সিনেমাটি ভালো ব্যবসা ধরে রাখবে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা।