বলিউডে ব্রিটিশ জনপ্রিয় সংগীতশিল্পী এড শিরান-এর গান গাওয়ার পেছনে কোনো পূর্বপরিকল্পনা ছিল না। শাহরুখ খানের সঙ্গে বন্ধুত্ব এবং মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’-এ একটি সাক্ষাৎ থেকেই মূলত খুলে যায় সেই সুযোগ। সেদিন শাহরুখের মাধ্যমেই সংগীত পরিচালক শচীন-জিগরের সঙ্গে পরিচয় হয় এডের। এরপর একই রাতেই রেকর্ড করেন শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’। আর এই গানে তার সঙ্গে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং।

সম্প্রতি ইনস্টাগ্রামে গানটির রেকর্ডিংয়ের একটি ভিডিও প্রকাশ করে এই সহযোগিতার নেপথ্যের গল্প জানিয়েছেন এড শিরান। তিনি জানান, শাহরুখের সঙ্গে প্রথম পরিচয়ের সময়ই অভিনেতা তাকে নিজের পরবর্তী সিনেমায় গান গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এমনকি সেটি হতে পারে এডের প্রথম বলিউড গান, এমন ইচ্ছাও প্রকাশ করেছিলেন শাহরুখ খান। পরবর্তীতে ২০২৫ সালে অরিজিৎ সিং-এর সঙ্গে প্রকাশিত ‘স্যাফায়ার’ গানের মিউজিক ভিডিওতে শাহরুখকে বিশেষ উপস্থিতির অনুরোধ করতে মান্নাতে গিয়েই এই সুযোগ পান তিনি। এদিকে মুক্তির আগেই গানটি ২৪ ঘণ্টায় ভারতীয় সিনেমার গানে সর্বোচ্চ ভিউয়ের নতুন রেকর্ড গড়েছে।