আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে ফের বাংলাদেশের পতাকা ওড়াল রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত চলচ্চিত্র ‘মাস্টার’। নেদারল্যান্ডসের বিখ্যাত রটারড্যাম চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার ইতালির ২২তম লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে সিনেমাটি। গত রোববার (৪ অক্টোবর) উৎসবে এর নাম ঘোষণা করা হয়।

ইতালির তাসকানি থেকে এই আন্তর্জাতিক স্বীকৃতির খবরটি ছড়িয়ে পড়তেই নির্মাতা সুমিত ও পুরো কলাকুশলী টিমের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়। আন্তর্জাতিক প্রতিযোগিতার শক্তিশালী ক্যাটাগরিতে এমন গৌরব অর্জনকে ‘মাস্টার’-এর বৈশ্বিক সর্বজনীনতা এবং প্রাসঙ্গিকতার জ্বলন্ত প্রমাণ বলে অভিহিত করেছেন সুমিত। উৎসবে বিচারকদের মতে, একটি স্থানীয় গল্পের মধ্য দিয়ে বর্তমান বিশ্বে প্রতিনিধিত্বমূলক রাজনৈতিক ব্যবস্থার যে সংকট তৈরি হয়েছে, তা সুনিপুণ ও বুদ্ধিদীপ্ত চিত্রনাট্যের মাধ্যমে পর্দায় তুলে ধরা হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সুনাম কুড়ালেও দেশীয় দর্শকদের জন্য সিনেমাটি এখনো প্রেক্ষাগৃহে দেখার সুযোগ হয়ে ওঠেনি। নির্মাতা জানিয়েছেন, দেশে মুক্তির চূড়ান্ত অনুমতি বা সেন্সর পেলেই প্রেক্ষাগৃহে নিয়ে আসা হবে চলচ্চিত্রটি। ‘মাস্টার’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না ও মাহমুদ আলম।