জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদকে এবার দেখা যাবে এক বাকপ্রতিবন্ধী নারীর জীবনসংগ্রামের গল্পে। ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল ওয়েব ফিল্ম জ্বীনের বাচ্চাতে এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন তিনি। আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে।
সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে গ্রামের এক নিঃসন্তান ও বাকপ্রতিবন্ধী নারীকে ঘিরে। শারীরিক সীমাবদ্ধতা এবং মাতৃত্বহীনতার কারণে স্বামী ও শ্বশুরবাড়ির অবহেলা, পাশাপাশি প্রতিবেশীদের কটূক্তির শিকার হতে হয় তাকে। সামাজিক এই প্রতিকূলতার মধ্যেও তার একাকী লড়াইয়ের গল্পই ‘জ্বীনের বাচ্চা’। গত রোববার প্রকাশিত ১ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলারে গ্রামবাংলার প্রচলিত কবিরাজি ও ঝাড়ফুঁকের দৃশ্যও দেখা গেছে, যা গল্পে রহস্যের আবহ তৈরি করেছে।
নিজের চরিত্র নিয়ে মৌসুমী হামিদ জানান, কথা না বলে শুধু অভিব্যক্তির মাধ্যমে অভিনয় করা ছিল অত্যন্ত কঠিন। তিনি বলেন, চরিত্রের প্রস্তুতির জন্য নির্মাতা তাকে টানা তিন দিন সেটে কথা বলতে দেননি। সেই নীরবতার অভিজ্ঞতাই পর্দায় বাস্তব বেদনার ছাপ এনে দিয়েছে বলে মনে করেন তিনি। তার ভাষায়, এটি শুধু মাতৃত্বের গল্প নয়, বরং গভীর এক বেদনার গল্প।
এই ওয়েব ফিল্মের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন মোস্তাফিজুর নূর ইমরান। নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, “এটি মূলত মাতৃত্বের গল্প। আমি বিশ্বাস করি, মাতৃত্বের ভাষা সর্বজনীন। সেই অনুভূতিকেই পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি।”