দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী অভিনীত নতুন কাজ কন্ট্রাক্ট ম্যারেজ মুক্তির আগেই বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছে। শুরুতে এটি ওয়েব কনটেন্ট বা নাটক হিসেবে নির্মাণের কথা থাকলেও পরে সেটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তির সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দর্শক থেকে শুরু করে সংশ্লিষ্ট শিল্পীরাও।
সম্প্রতি নির্মাতা হাসান জাহাঙ্গীর সিনেমাটির টিজার প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে টিজার প্রকাশের পরপরই শুরু হয় তীব্র সমালোচনা। অনেক দর্শকই কাজটির মান নিয়ে হতাশা প্রকাশ করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কেন এমন নিম্নমানের কনটেন্ট নির্মাণ করা হচ্ছে এবং দর্শক আদৌ এগুলো দেখতে আগ্রহী কি না।
নেটিজেনদের মন্তব্যে উঠে এসেছে আরও কড়া প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, “২০২৬ সালেও এমন অখাদ্য সিনেমা দেখতে হচ্ছে!” আবার কেউ আক্ষেপ করে বলেছেন, “টিজার দেখেই পুরো সিনেমা বোঝা হয়ে গেছে।”
শুধু সাধারণ দর্শকই নন, মৌসুমীর ভক্তরাও হতাশা প্রকাশ করেছেন। তাদের অনেকের মতে, এত গুণী একজন শিল্পীকে এমন কনটেন্টে দেখা সত্যিই দুঃখজনক।
এর আগে বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানান ওমর সানি। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, এটি মূলত যুক্তরাষ্ট্রে শুটিং করা একটি নাটক ছিল, যা পরে টেনে হিঁচড়ে সিনেমা বানানো হয়েছে। এমনকি তিনি ছবিটির মুক্তি বন্ধের আহ্বানও জানান।
নিজের অবস্থান পরিষ্কার করে মৌসুমী বলেন, নির্মাতার অনুরোধে তিনি একটি এক ঘণ্টার নাটকে কাজ করতে রাজি হয়েছিলেন। পরে তাকে জানানো হয়, অতিরিক্ত ফুটেজ থাকার কারণে এটি টেলিছবি হিসেবে প্রকাশ করা হবে। তবে শেষ পর্যন্ত সেটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে।
সব মিলিয়ে, কন্ট্রাক্ট ম্যারেজ এখন মুক্তির আগেই দর্শকদের নেতিবাচক প্রতিক্রিয়া ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।