বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর এই উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছেন শোবিজ তারকারাও। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার পরিবারের সঙ্গে ঘরোয়া কিন্তু বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিলেন বাংলা নববর্ষ ১৪৩৩। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শেয়ার করা ছবি ও ভিডিও এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রে।
মেহজাবীনের শেয়ার করা ছবিতে দেখা যায়, তাঁর ঘর সেজেছে দেশীয় লোকজ সাজে। ব্যাকগ্রাউন্ডে বড় রঙিন সূর্য, কাগজের ফুল, হাতপাখা আর ঘুড়ির নান্দনিক সাজসজ্জার মাঝে লেখা- ‘শুভ নববর্ষ ১৪৩৩’। এই আয়োজনে মেহজাবীনের সঙ্গে বৈশাখী সাজে ক্যামেরাবন্দি হয়েছেন তাঁর ছোট বোন মাইলাইকা চৌধুরীও।
খাবার ও সংস্কৃতির মেলবন্ধনে এই আয়োজন ছিল পরিপূর্ণ। মাটির বাসনে ইলিশ মাছ ভাজা ও বিভিন্ন পদের ভর্তার পাশাপাশি ছিল গান-বাজনার ব্যবস্থা। হারমোনিয়াম ও তবলার উপস্থিতিতে বোঝা যাচ্ছে, ঘরোয়া এই আড্ডায় সুরের মূর্ছনাও কম ছিল না।
বিশেষ নজর কেড়েছে মেহজাবীনের একটি ছোট ভিডিও। লাল পেড়ে সাদা শাড়ি, হাতে লাল চুড়ি আর গলার পাথরের চোকারে মেহজাবীনকে দেখতে অত্যন্ত স্নিগ্ধ লাগছিল। ভিডিওতে গানের তালে তাঁর সাবলীল নৃত্য ও হাসি মুহূর্তেই ভাইরাল হয়েছে। ভক্তরা তাঁর দেশীয় সাজের প্রশংসা করার পাশাপাশি নববর্ষের শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন মন্তব্য ঘর।
সব মিলিয়ে সময়টা বেশ ভালোই যাচ্ছে এই অভিনেত্রীর। এবারের ঈদে মুক্তি পাওয়া প্রীতম হাসানের বিপরীতে তাঁর অভিনীত ওয়েবফিল্ম ‘ক্যাকটাস’ সব মহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। অভিনয়ের সাফল্যের পর নববর্ষের এই আনন্দ তাঁর উদযাপনে যোগ করেছে নতুন মাত্রা।