বিশ্বজুড়ে পর্দা উঠেছে ফিফা ফুটবল বিশ্বকাপের আর তার সাথে সাথেই বাংলাদেশেও শুরু হয়ে গেছে চিরচেনা ফুটবল উন্মাদনা। দেশের আপামর ফুটবলপ্রেমীদের পাশাপাশি শোবিজের তারকাদের মধ্যেও পছন্দের দল নিয়ে চলছে তুমুল মাতামাতি। ল্যাটিন পরাশক্তি আর্জেন্টিনার সমর্থনে এবার মেতে উঠেছেন ছোট পর্দার শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তাঁর ছোট বোন, নবাগত অভিনেত্রী মালাইকা চৌধুরী।

দুই বোনই ফুটবলে আলবিসেলেস্তেদের অন্ধ সমর্থক এবং ফুটবল জাদুকর লিওনেল মেসির ভীষণ ভক্ত। প্রিয় দল ও প্রিয় খেলোয়াড়কে সমর্থন দিতে মেহজাবীন চৌধুরী ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রেও পাড়ি জমিয়েছিলেন। সেখানে গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করেছিলেন আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত।

মেসির প্রতি নিজের ভালোলাগার কথা জানিয়ে মেহজাবীন এর আগে বলেছিলেন, ‘মূলত মেসির খেলা পছন্দ করি। মেসির খেলা সবসময়ই টানে। তিনি যখন বাংলাদেশে এসেছিলেন, তখন প্রথম সরাসরি তাঁর খেলা দেখার সুযোগ হয়েছিল। আর ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো সরাসরি মাঠে বসে তাঁর খেলা দেখলাম।’

বড় বোনের ফুটবলপ্রেমের ছোঁয়া লেগেছে ছোট বোন মালাইকা চৌধুরীর গায়েও। সম্প্রতি শোবিজে ডেবিউ করা মালাইকা বিশ্বকাপ শুরুর আগেই সংগ্রহ করে নিয়েছেন প্রিয় দলের আকাশী-সাদা জার্সি। জার্সি হাতে উন্মুখ ছবি শেয়ার করার পর, আজ আবারও আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানো একটি প্রাণবন্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মালাইকা লিখেছেন, ‘আমি একটু বেশিই এক্সাইটেড! কে জিতবে বিশ্বকাপ?’

মালাইকার এই পোস্টে তাঁর অনুসারী ও ভক্তরাও হুমড়ি খেয়ে পড়েছেন। কমেন্ট বক্সে ভক্তরা নিজেদের পছন্দের দলের শুভকামনা জানানোর পাশাপাশি মেহজাবীন ও মালাইকার এই সুন্দর ফুটবল জুটিকে ভালোবাসা জানাচ্ছেন। দুই বোনের এই আর্জেন্টিনা প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভালোই সাড়া ফেলেছে।