জন্মদিন মানেই আনন্দ, শুভেচ্ছা আর উদযাপন। তবে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের কাছে দিনটি শুধু উদযাপনের নয়, বরং জীবনের নানা অধ্যায় ফিরে দেখারও উপলক্ষ। ব্যক্তিগত শোক, একা মা হিসেবে সংগ্রাম এবং নতুন করে নিজেকে আবিষ্কারের অভিজ্ঞতা সব মিলিয়ে জন্মদিনে নিজের দীর্ঘ পথচলার গল্প তুলে ধরেছেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে শাওন লিখেছেন, জীবনের বিভিন্ন সময়ে তিনি বারবার নতুন করে জন্মেছেন। তার ভাষায়, ‘প্রত্যেকবার নতুন করে জন্মেছি আমি।’

নিজের জন্মের স্মৃতিচারণ করতে গিয়ে শাওন জানান, চট্টগ্রামে জন্ম হলেও তার সব সনদে জন্মস্থান হিসেবে লেখা রয়েছে জামালপুরের নাম। নিজ এলাকার প্রতি বাবার পক্ষপাতের কারণেই এমনটা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে কাগজে কলমে জন্মস্থান বদলে গেলেও চট্টগ্রামের প্রতি নিজের নাড়ির টান রয়ে গেছে বলে জানান এই অভিনেত্রী।

জন্মের সময়ের একটি মজার গল্পও ভাগ করে নিয়েছেন শাওন। মায়ের কাছ থেকে শোনা সেই স্মৃতি জানিয়ে তিনি লেখেন, দীর্ঘ ১৮ ঘণ্টা প্রসবব্যথার পরও তার জন্ম হচ্ছিল না। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার জন্ম হয়। তখন চিকিৎসক নাকি বলেছিলেন, মাকে এত কষ্ট দেওয়ায় মেয়েটি বড় হয়ে বেশ অলস হবে!

পড়াশোনা, নাচ-গান, অভিনয়, নির্মাণ, প্রেম ও বিয়ের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়েছে শাওনের জীবন। ২০০৭ সালে মা হন তিনি। তবে ২০১২ সালে স্বামী, জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যু তার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে।

শাওনের ভাষায়, ২০১২ সালে জন্ম হয়েছিল একজন একা মায়ের, যাকে প্রতিনিয়ত মিথ্যা, কুৎসা ও নানা রটনার সঙ্গে লড়তে হয়েছে। কঠিন সেই সময়ের কথা স্মরণ করে তিনি লেখেন, মিথ্যার জঞ্জালে বসে কাঁদলেও আবার উঠে দাঁড়িয়েছেন এবং সামনে এগিয়ে গেছেন।

তবে জীবনের সাম্প্রতিক পরিবর্তনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন শাওন। তিনি লিখেছেন, ‘আমার সাম্প্রতিক জন্ম ২০২৪ সালে।’ এই নতুন অধ্যায়ে নিজেকে আগের চেয়ে পরিণত ও দৃঢ় বলে মনে করেন তিনি। আশপাশের মানুষের ভেতরের অমানুষকে যেমন চিনেছেন, তেমনি দূরের লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে নিজেকেও ভালোবাসতে শিখেছেন।

নিজের বর্তমান অবস্থান তুলে ধরে শাওন জানান, এখন তার প্রতিটি পদক্ষেপ নিজের, প্রিয়জনদের এবং যারা তাকে ভালোবাসেন, তাদের জন্য। অনিচ্ছাকৃত ভুল যেন না হয়, সে চেষ্টাও থাকবে বলে উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে নিজের পরিচয় তুলে ধরে শাওন নিজেকে দুই সন্তানের বন্ধুর মতো মা, মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করা বাংলাদেশের একজন গর্বিত সন্তান এবং হুমায়ূন আহমেদের ‘কুসুম’ হিসেবে উল্লেখ করেন। জন্মদিনে সবার শুভকামনা চেয়ে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন এই অভিনেত্রী ও নির্মাতা।