শারীরিক গড়ন নিয়ে সমালোচনা থেকে মুক্তি পেতে একসময় ওজন কমানোর দিকে বাড়তি মনোযোগ দিয়েছিলেন বলিউড অভিনেত্রী রাধিকা মদন। কিন্তু অতিরিক্ত ওজন কমাতে গিয়ে তাঁর শরীরেও এর প্রভাব পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কাজ থেকে বিরতি নেওয়ার প্রয়োজন হয়। তবু ওজন কমানোর পরও সমালোচনা থামেনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যাঁরা একসময় রাধিকাকে অতিরিক্ত ওজনের জন্য কটাক্ষ করতেন, তাঁরাই পরে অভিনেত্রীর রোগা হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। এই অভিজ্ঞতা থেকেই ধীরে ধীরে নিজের শরীর নিয়ে ভাবনায় পরিবর্তন আনেন তিনি।
রাধিকা উপলব্ধি করেন, অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের শরীরের ওপর বাড়তি চাপ নেওয়ার কোনো মানে নেই। কারণ, যাঁরা সব সময় সমালোচনা করতে অভ্যস্ত, তাঁদের সন্তুষ্ট করা কঠিন। এরপর থেকে শারীরিক গড়নের চেয়ে সুস্থ থাকাকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন অভিনেত্রী। অন্যের মন্তব্য যেন তাঁর আত্মবিশ্বাস কিংবা জীবনযাপনের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে না পারে, সেই অবস্থানই বেছে নেন তিনি।
এদিকে সম্প্রতি মা হওয়ার পর বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের শারীরিক পরিবর্তন নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা দেখা গেছে। মাতৃত্ব হোক কিংবা অভিনয়জগতে কাজ করা, নারীর শরীর নিয়ে অন্যের বিচার-বিশ্লেষণ যেন থামতেই চায় না।
রাধিকা মদনের অভিজ্ঞতা সেই বাস্তবতাকেই আবার সামনে এনেছে। সৌন্দর্যকে নির্দিষ্ট কোনো ওজন বা শারীরিক গড়নে আটকে রাখা যায় না। অন্যের মন্তব্যের চেয়ে নিজের সুস্থতা, স্বস্তি ও আত্মবিশ্বাসকে গুরুত্ব দেওয়াই যে বেশি প্রয়োজন, অভিনেত্রীর অভিজ্ঞতা থেকে উঠে এসেছে সেই বার্তা