জুলাই আন্দোলনকে অবমাননা এবং এ নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ (জিডি) দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠনের প্রতিনিধিরা শাহবাগ থানায় এ অভিযোগ জমা দেন।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই স্বপন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনের স্মৃতি, এর তাৎপর্য এবং শহীদদের আত্মত্যাগকে ঘিরে অবমাননাকর মন্তব্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়েছেন। অভিযোগকারীদের দাবি, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও অভিযুক্তদের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড আন্দোলনকে ঘিরে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, শান্তা ফারজানা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে বলেও অভিযোগকারীরা দাবি করেছেন।

এদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগটি প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে। এখন বিষয়টির সত্যতা যাচাই করে তদন্ত পরিচালনা করা হবে। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।