দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন ইনিংস শুরু করলেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী মেহরীন পিরজাদা। ২০২১ সালে বাগদান ভেঙে যাওয়ার পর থেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা জলঘোলা হলেও, এবার নিজেই বিয়ের খবর প্রকাশ্যে এনে ভক্তদের সারপ্রাইজ দিলেন তিনি। গত রোববার (২৬ এপ্রিল) হিমাচল প্রদেশের মনোরম পরিবেশে ঘরোয়া আয়োজনে আরশ ওলাখের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই অভিনেত্রী।

বিয়ের পর মেহরীন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, মেহরীন একটি চমৎকার সিকুইন করা ব্লাশ-পিঙ্ক লেহেঙ্গা পরেছেন, যার সঙ্গে মিলিয়ে পরেছেন লেয়ারড স্টোন নেকলেস ও কানের দুল। হালকা মেকআপ আর খোলা চুলে তাকে বেশ স্নিগ্ধ লাগছিল। অন্যদিকে বর আরশ ওলাখও কনের সাথে রং মিলিয়ে একই রঙের পোশাক বেছে নেন। ক্যাপশনে মেহরীন কেবল বিশেষ তারিখটি উল্লেখ করেছেন- ‘২৬.০৪.২৬’।

উল্লেখ্য, গত বছর যখন মেহরীনের গোপন বিয়ের খবর রটেছিল, তখন তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যেদিন বিয়ে করবেন, সেদিন পুরো পৃথিবী জানবে। সেই প্রতিশ্রুতি রক্ষা করেই নিজের বিয়ের খবরটি ভক্তদের সাথে ভাগ করে নিলেন তিনি। মাত্র ১০ বছর বয়সে র‍্যাম্পে হাঁটা মেহরীন ২০১৬ সালে তেলেগু ছবি ‘কৃষ্ণা গাডি ভীরা প্রেমা গাধা’ দিয়ে রূপালি পর্দায় যাত্রা শুরু করেন। পরবর্তীতে ২০১৭ সালে ‘ফিল্লোরি’ সিনেমার মাধ্যমে বলিউডেও নিজের নাম লেখান তিনি। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই নবদম্পতি।