গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হওয়ায় ‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ পড়া মেলিসা বারেরা অবশেষে তাঁর নীরবতা ভেঙেছেন। মার্কিন সাময়িকভাবে ‘ভ্যারাইটি’-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি হলিউডে তাঁর ‘ব্ল্যাকলিস্ট’ হওয়ার অভিজ্ঞতা এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের কথা জানান। মেলিসা বলেন, মানবাধিকার ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলায় প্রযোজনা সংস্থা স্পাইগ্লাস মিডিয়া গ্রুপ ও তাঁর ট্যালেন্ট এজেন্সি তাঁর সাথে চুক্তি বাতিল করেছিল। এর ফলে প্রায় এক বছর তাঁর হাতে কোনো কাজ ছিল না এবং তিনি মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন।

সাক্ষাৎকারে বারেরা অত্যন্ত সাহসের সাথে বলেন, “কোনো জনগোষ্ঠী আর তাদের সরকার এক বিষয় নয়। আমি শান্তি ও নিরাপত্তার পক্ষে এবং আমি নীরব থাকতে পারি না।” তিনি অভিযোগ করেন যে, লাতিন আমেরিকান নারী এবং উদীয়মান তারকা হওয়ায় তাঁকে ‘সহজ টার্গেট’ করা হয়েছিল। হলিউডের অনেকেই ব্যক্তিগতভাবে সমর্থন দিলেও প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়াতে ভয় পাচ্ছিলেন। তবে নির্মাতা বুটস রাইলি প্রথম তাঁকে কাজের প্রস্তাব দিয়ে নতুন আশার আলো দেখান। বারেরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানান অভিনেত্রী সুসান সারান্ডনের প্রতি, যিনি প্রকাশ্যে তাঁর অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন।

বর্তমানে মেলিসা ব্রডওয়ের জনপ্রিয় মিউজিক্যাল ‘টাইটানিক’-এ ‘রোজ’ চরিত্রে অভিনয় করছেন। দীর্ঘ সংকটের পর ব্রডওয়ের সৃজনশীল পরিবেশ তাঁকে নতুন শক্তি জুগিয়েছে। শুধু অভিনয় নয়, তিনি এখন নিজের প্রযোজনা সংস্থা গঠন এবং নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। ভবিষ্যতে তিনি এমন সব শিল্পীদের সাথে কাজ করতে আগ্রহী, যেমন হাভিয়ের বারদেম বা তাতিয়ানা মাসলানি যাঁরা ফিলিস্তিনের মানবাধিকার ইস্যুতে সোচ্চার হয়েছেন। প্রতিকূলতার মুখেও নিজের আদর্শে অবিচল থেকে মেলিসা এখন এক নতুন পরিচয় নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন।