হলিউডের জনপ্রিয় ক্রাইম-ড্রামা সিরিজের রিমেক ‘মায়ামি ভাইস ৮৫’-এ নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী কামিলা মোরোন। ‘টপ গান: মেভরিক’ ও ‘এফ১’-খ্যাত জনপ্রিয় পরিচালক জোসেফ কোসিনস্কির পরিচালনায় এই সিনেমায় ইতোমধ্যে যুক্ত হয়েছেন মাইকেল বি জর্ডান ও অস্টিন বাটলারের মতো দুই জনপ্রিয় অভিনেতা। নতুন কাস্টিং যুক্ত হওয়ার খবর প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে।
মাইকেল ম্যানের বিখ্যাত ও তুমুল জনপ্রিয় ১৯৮০-এর দশকের টেলিভিশন সিরিজ ‘মায়ামি ভাইস’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। গল্পে দুই আন্ডারকভার গোয়েন্দা জেমস ক্রকেট ও রিকার্ডো ট্রাবসের অপরাধজগতের রোমাঞ্চকর অভিযান দেখানো হবে। এর আগে ২০০৬ সালে কলিন ফ্যারেল ও জেমি ফক্সকে নিয়ে এই সিরিজের ওপর ভিত্তি করে একটি সিনেমা নির্মাণ করেছিলেন মাইকেল ম্যান নিজেই। তবে নতুন এই রিবুটে জেমস ক্রকেট চরিত্রে দেখা যাবে অস্টিন বাটলারকে এবং রিকার্ডো ট্রাবস চরিত্রে থাকবেন মাইকেল বি জর্ডান।
‘নাইটক্রলার’ (২০১৪)-খ্যাত প্রখ্যাত পরিচালক ড্যান গিলরয়ের লেখা চিত্রনাট্যে সিনেমাটি নির্মিত হচ্ছে। কামিলা মোরোন ছাড়াও ছবিটির অভিনয়শিল্পীদের তালিকায় যুক্ত হয়েছেন অলডেন এহরেনরিচ ও হুইটনি পিক। সাম্প্রতিক সময়ে ‘দ্য নাইট ম্যানেজার’ সিজন টু এবং ‘সামথিং ভেরি ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন’-এ কাজ করে বেশ নজর কাড়েন কামিলা মোরোন। বর্তমানে তাঁর ঝুলিতে রয়েছে ‘দ্য এজ অব ইনোসেন্স’-এর সিরিজ সংস্করণ।