মৃত্যুর দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও সংগীত ও বিনোদন জগতে আজও অমলিন কিংবদন্তি পপ সম্রাট মাইকেল জ্যাকসন। আজ ২৯ আগস্ট তাঁর ৬৮তম জন্মদিন। বিতর্ক কিংবা গসিপ নয়, জীবনভর তিনি চেয়েছেন নিজের সৃষ্টিশীল কাজ ও শিল্প দিয়ে বেঁচে থাকতে। পপ সম্রাটের জন্মদিন উপলক্ষে  এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে তাঁর কর্মময় জীবন ও অমলিন স্মৃতির নানা দিক।

ফোর্বসের হিসাব অনুযায়ী, মৃত্যুর পর থেকে এ পর্যন্ত মাইকেল জ্যাকসনকে ঘিরে আয় হয়েছে প্রায় ৩.৫ বিলিয়ন ডলার, যার মধ্যে শুধু ২০২৫ সালেই এই আয়ের পরিমাণ ছিল ১০৫ মিলিয়ন ডলার। ইন্ডিয়ানার গ্যারি শহরে জন্ম নেওয়া এই তারকা শৈশবে কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে উঠে পরবর্তীতে ‘থ্রিলার’, ‘ব্যাড’ ও ‘ডেঞ্জারাস’-এর মতো কালজয়ী অ্যালবামের মাধ্যমে বিশ্বজুড়ে ইতিহাস গড়েছেন। এক পুরনো সাক্ষাৎকারে বর্ণবাদ ও ত্বকের রঙ পরিবর্তনের বিতর্ক উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, কৃষ্ণাঙ্গ আমেরিকান হতে পেরে তিনি গর্বিত এবং গসিপের চেয়ে শিল্পীর শৈল্পিক দক্ষতাই মুখ্য।

শুধু গানই নয়, ‘মুনওয়াক’ ও ‘অ্যান্টি-গ্র্যাভিটি লিন’-এর মতো নাচের মুদ্রা উদ্ভাবন করে পপ সংস্কৃতিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। ১৩টি গ্র্যামিজয়ী এই শিল্পী প্রায় ৫০০ মিলিয়ন ডলার দাতব্য কাজে দান করেছেন। বর্তমানে মুক্তি পাওয়া তাঁর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ সর্বকালের সর্বোচ্চ আয়কারী বায়োপিক হওয়ার গৌরব অর্জন করেছে, যা প্রমাণ করে বিনোদন দুনিয়ায় মাইকেল জ্যাকসনের রাজত্ব আজও অম্লান।