টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ঘিরে আবারও শুরু হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী।
প্রতিবেদনে বলা হয়েছে, মিমির হবু বরের নাম সিদ্ধার্থ। তিনি রূপালি পর্দার কেউ নন; পেশায় ভারতীয় নৌবাহিনীর (নেভি) একজন উচ্চপদস্থ কর্মকর্তা। জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই তাদের প্রেমের সম্পর্ক, তবে বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন দুজনেই।
মিমির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কলকাতার গণমাধ্যমগুলো জানিয়েছে, ডিসেম্বরের বিয়েকে সামনে রেখে দুই পরিবার ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। নিকটাত্মীয় ও বন্ধুদের কাছেও আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। তবে বিয়ে বা সম্পর্ক নিয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি মিমি কিংবা তার কথিত হবু বর।
মিমির বিয়ে নিয়ে গুঞ্জন অবশ্য নতুন নয়। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রায় এক দশক পেরিয়ে গেছে। এরপর বিভিন্ন সময়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা হলেও কোনো সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি অভিনেত্রী।
এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন মিমি। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ বেশ কয়েকটি নতুন সিনেমার কাজ রয়েছে তার হাতে। এর মধ্যেই বিয়ের খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের আগ্রহও বেড়েছে।