টলিপাড়ায় ফের বিয়ের সানাই বাজতে যাচ্ছে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে। এতদিন বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই এড়িয়ে যাওয়া বা কাজের অজুহাত দেওয়া জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
প্রতিবেদনে জানা যায়, চলতি বছরের ডিসেম্বরেই নাকি শুভ বিবাহ সম্পন্ন হতে চলেছে। বিয়ের জন্য জাকজমকপূর্ণ শহরের বদলে পাহাড়ের কোল কালিম্পংকে বেছে নেওয়া হতে পারে। গুঞ্জন রয়েছে যে ইতোমধ্যেই পরিবারের ঘনিষ্ঠদের কাছে নিমন্ত্রণপত্রও পৌঁছাতে শুরু করেছে। তবে বিয়ের পিঁড়িতে বসার আগে আগামী নভেম্বর মাসেই নাকি আংটিবদল বা এনগেজমেন্ট সম্পন্ন হবে।
হবু বরকে নিয়ে কৌতুহলের শেষ নেই ভক্তদের মাঝে। শোনা যাচ্ছে, বিনোদন জগতের বাইরে নৌসেনার (ইন্ডিয়ান নেভি) এক আধিকারিকের সঙ্গেই চার হাত এক হতে চলেছে অভিনেত্রীর। যদিও এতদিন ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখা মিমি চক্রবর্তী এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।