দুর্গাপূজা উপলক্ষে ওপার বাংলায় মুক্তি পেতে যাচ্ছে নতুন চলচ্চিত্র ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। এতে আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে সুমিত্রা চরিত্রে দেখা যাবে জনপ্রিয় টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় প্রথম কাজ এবং ছবির প্রচারণা নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নতুন ছবি ও ক্যারিয়ারের পাশাপাশি জীবনসঙ্গী এবং বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ এমন প্রশ্নের জবাবে মিমি জানান, তাঁর জীবনসঙ্গীকে অবশ্যই একজন ভালো মানুষ এবং সেরা বন্ধু হতে হবে। তিনি বলেন, ‘আমার খুব ভালো বন্ধু হবে, ফান লাভিং হবে এবং আমি যেমন ঘুরতে ভালোবাসি, তেমন ভালোবাসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার পোষ্য সন্তানদের খুব ভালোবাসবে।’

নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে মজার ছলে কথা বলতে গিয়ে মিমি জানান, আপাতত অন্যের বিয়ের দাওয়াতে যেতেই তিনি বেশ ভালোবাসেন, বিশেষ করে বিয়ের মেন্যুতে নিরামিষ খাবারের পদ বেশি থাকলে তা তিনি দারুণ উপভোগ করেন। এখনই নিজের বিয়ে নিয়ে না ভেবে সময় হলে তা দেখা যাবে বলে জানান এই অভিনেত্রী। চলচ্চিত্রে চরিত্রটি ফুটিয়ে তুলতে পরিচালক তাঁকে জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’-র বহুল আলোচিত চরিত্র ‘পুপে’-র রেফারেন্স দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।