ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ও সফল তারকাজুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। অসংখ্য নাটকে তাঁদের রসায়ন দর্শকের ভালোবাসা কুড়িয়েছে। এবার এই চেনা জুটিকে বড় পর্দায় ভিন্ন আঙ্গিকে দেখার অপেক্ষার অবসান হতে চলেছে। নির্মাতা ভিকি জাহেদের নতুন সিনেমা ‘পুলসিরাত’-এর মাধ্যমে এবার চলচ্চিত্রে জুটি বাঁধছেন তাঁরা।

চলতি বছরের জানুয়ারিতেই ‘পুলসিরাত’ সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছিল এবং বিষয়টি চর্চায় এসেছিল। তবে সোমবার (৫ অক্টোবর) রাতে প্রযোজক শাহরিয়ার শাকিল সামাজিক মাধ্যমে নিশো ও মেহজাবীনের সাথে তোলা একটি ছবি প্রকাশ করার পর সিনেমাটিতে এই জুটির অভিষেকের বিষয়টি নিশ্চিত হয়। প্রযোজনা সংস্থা এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড সূত্রে জানা গেছে, বর্তমানে সিনেমাটির চূড়ান্ত প্রস্তুতি চলছে।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে টানা এক মাস দৃশ্যধারনের মাধ্যমে সিনেমাটির শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে। নির্মাণ ও সম্পাদনার কাজ শেষ করে আসছে রোজার ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘পুলসিরাত’। এর আগে ভিকি জাহেদের পরিচালনায় ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’ ও ‘রেডরাম’-এর মতো দর্শকনন্দিত নাটকে দেখা গেছে নিশো-মেহজাবীনকে। সিনেমাটির মাধ্যমে কেবল নিশো-মেহজাবীন জুটিরই নয়, বড় পর্দায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ভিকি জাহেদেরও।