দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ছোটপর্দায় ফিরছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন আঙ্গিকে ও জমকালো আয়োজনে অনুষ্ঠানটি ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু করেছে চ্যানেল কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতেই শুরু হতে পারে হাসির এই আয়োজন।
উপস্থাপক মীর আফসার আলীর চটজলদি জবাব ও বুদ্ধিদীপ্ত সঞ্চালনায় একসময় বাংলা টেলিভিশনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ‘মিরাক্কেল’। টিআরপির শীর্ষে থাকা এই অনুষ্ঠানটির হাত ধরেই বহু কৌতুকশিল্পী শোবিজ অঙ্গনে নিজেদের জায়গা করে নিয়েছিলেন।
তবে দীর্ঘ পাঁচ বছর ছোটপর্দায় অনুষ্ঠানটি না থাকায় দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল আক্ষেপ। সেই অপেক্ষার অবসান ঘটাতেই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিরাক্কেল’ এর নতুন একটি প্রোমো প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
নতুন মৌসুমের ঘোষণা আসতেই চারদিকে শুরু হয়েছে হইচই। দেশের গণ্ডি পেরিয়ে সব বয়সী কমেডি শিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রাথমিক বাছাইপর্ব শেষে শুরু হবে মূল প্রতিযোগিতা, যেখানে নির্বাচিত প্রতিযোগীরা মাতবেন হাড্ডাহাড্ডি লড়াইয়ে।
অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী ফেব্রুয়ারি মাসেই পর্দায় ফিরবে মিরাক্কেল। তবে বিচারকের আসনে কাদের দেখা যাবে, তা নিয়ে আলোচনা চলছে।’
দর্শকদের দীর্ঘদিনের দাবি, বিচারকের আসনে যেন আবারও দেখা যায় বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তকে। এ ছাড়া আগের মৌসুমের বেশ কয়েকজন জনপ্রিয় মুখ ও মেন্টরকেও নতুন আয়োজনে যুক্ত করার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
দীর্ঘ বিরতির পর মীরের সেই চিরচেনা হাসি আর প্রতিযোগীদের কৌতুকময় পরিবেশনা কি আবারও আগের মতো জাদু ছড়াতে পারবে? সেই উত্তর মিলবে আগামী ফেব্রুয়ারিতেই।