বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এরই মধ্যে রাষ্ট্রপতিকে নিয়ে নিজের পুরোনো স্মৃতির কথা জানিয়েছেন নির্মাতা, প্রযোজক, কাহিনিকার ও চিত্রনাট্যকার ছটকু আহমেদ।

শুক্রবার (২১ আগস্ট) মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে তোলা একাধিক পুরোনো ছবি প্রকাশ করেন ছটকু আহমেদ। দীর্ঘ স্মৃতিচারণায় তিনি তুলে ধরেন রাজনীতিতে আসার আগের মির্জা ফখরুলের একটি ভিন্ন পরিচয় নাটকের মঞ্চের অভিনেতা হিসেবে তার দিনগুলোর কথা।

ছটকু আহমেদ জানান, ১৯৭২-৭৩ সালে তিনি যখন ঠাকুরগাঁও ইরিগেশন বিভাগে সরকারি চাকরি করতেন, তখনই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার পরিচয়। ঠাকুরগাঁওয়ের সরকারি কলোনিতে থাকার সময় স্থানীয় পাবলিক লাইব্রেরিতে নিয়মিত আড্ডা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতেন তারা।

সেই সময়ের নানা সাংস্কৃতিক আয়োজনের স্মৃতিও তুলে ধরেছেন ছটকু আহমেদ। ঢাকার প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারার ছোট বোন নার্গিসকে নিয়ে নাটক মঞ্চস্থ করার কথাও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুলের অভিনয় প্রতিভার প্রশংসা করে ছটকু আহমেদ বলেন, সুঠাম দেহ ও ভরাট কণ্ঠের অধিকারী আলমগীর সাহেব তখন নায়কের চরিত্রে অভিনয় করতেন এবং আবৃত্তিও করতেন। তার অভিনয়ে দর্শকদের করতালিতে পুরো হল মুখর হয়ে উঠত।

পরে চাকরির কারণে ঠাকুরগাঁও ছেড়ে ঢাকায় চলে আসেন ছটকু আহমেদ। বহু বছর পর গুলশানের একটি রেস্তোরাঁয় আবারও মির্জা ফখরুলের সঙ্গে তার দেখা হয়। তখন জানতে পারেন, রাজনীতির পথ ধরে আলমগীর সাহেব মন্ত্রীর দায়িত্বে এসেছেন।