সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব, ট্রল ও ভুল ব্যাখ্যা নিয়ে খুব একটা বিচলিত নন ভারতীয় বিনোদনজগতের জনপ্রিয় তারকা শেহনাজ গিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে ঘিরে তৈরি হওয়া নানা নেতিবাচক খবর ও শিরোনামের জবাব দিতে গিয়ে নিজের স্বভাবসুলভ রসবোধের পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী।

শেহনাজ জানান, অনলাইন মাধ্যমে পাঠকদের আকর্ষণের জন্য এবং ভিউ পাওয়ার উদ্দেশ্যে অনেক সময় ভুল বা চটকদার শিরোনাম দেওয়া হয়। তবে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশের বদলে মজার ছলেই ইতিবাচক দৃষ্টিতে দেখছেন তিনি। শেহনাজ বলেন, ভালো কথা দিয়ে যদি কারও লাভ না হয়, তবে তাঁর ভুল কথার শিরোনামে যদি কারও কিঞ্চিৎ ভিউ বা উপকার হয় তাতে তাঁর কোনো আপত্তি নেই।

কথাবার্তায় এই স্বতঃস্ফূর্ত রসবোধের উৎস ব্যাখ্যা করতে গিয়ে তিনি নিজের পাঞ্জাবি শিকড়ের কথা উল্লেখ করেন। ক্যামেরার সামনে কৃত্রিম ভাবমূর্তি ধরে না রেখে নিজের মতো থাকার গুরুত্বই তুলে ধরেন তিনি। খ্যাতির সঙ্গে সঙ্গে অনেকে নিজের আচরণ বদলানোর পরামর্শ দিলেও নিজের সততা ও স্বাভাবিকতা ধরে রাখাকেই প্রাধান্য দিয়েছেন শেহনাজ। মানুষ তাঁর এই নিজস্বতা ও জীবনযাত্রার সঙ্গে নিজেদের সংযোগ খুঁজে পায় বলেই এটিকে নিজের বড় প্রাপ্তি হিসেবে মনে করেন তিনি।