মাত্র ২২ বছর বয়সেই মারা গেলেন ‘মিস অস্ট্রিয়া’ লুসিয়া সিসিক। জন্মগতভাবেই জটিল হৃদরোগে ভুগছিলেন এই তরুণী। ২০২৪ সালে ‘মিস অস্ট্রিয়া’ খেতাব জেতার পর নতুন কোনো প্রতিযোগিতা না হওয়ায় মৃত্যুর আগ পর্যন্ত এই মুকুটের অধিকারী ছিলেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে লুসিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে সৌন্দর্য প্রতিযোগিতা পরিচালনাকারী সংস্থা ‘মিশন অস্ট্রিয়া’। একই সঙ্গে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সংস্থাটি। তাদের পক্ষ থেকে লুসিয়াকে একজন চমৎকার ও সাহসী তরুণী হিসেবে স্মরণ করা হবে বলে জানানো হয়েছে।
লুসিয়ার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে শৈশব থেকেই হৃদরোগজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি এবং নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। অস্ট্রিয়ায় হৃদরোগে আক্রান্ত শিশুদের সহায়তাকারী সংস্থা ‘হার্জকিন্ডার অস্ট্রিয়া’ও তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছে।
জীবদ্দশায় নিজের অসুস্থতার কথা খোলাখুলিভাবেই বলতেন লুসিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একবার জানিয়েছিলেন, জন্মের পরপরই তার প্রথম অস্ত্রোপচার হয়েছিল। চিকিৎসকদের নিরলস প্রচেষ্টার কারণেই তিনি পরবর্তী সময়ে স্বাভাবিক জীবনযাপন করতে পেরেছিলেন।
শৈশবে অসুস্থতার কারণে অন্য শিশুদের মতো খেলাধুলা কিংবা দৌড়ঝাঁপ করতে পারতেন না লুসিয়া। তবে জীবনের প্রতিকূলতার সঙ্গে দীর্ঘ লড়াই তাকে মানসিকভাবে আরও শক্ত করে তুলেছিল। সেই সাহস নিয়েই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে ২০২৪ সালে জিতে নেন ‘মিস অস্ট্রিয়া’ মুকুট।
মাত্র ২২ বছর বয়সে তার এই অকাল মৃত্যুতে শোক নেমে এসেছে সৌন্দর্য প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট মহল ও তার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে।